‘টুম্পা অটোওয়ালি’ ধারাবাহিকের মাধ্যমে বাংলা টেলিভিশনের দর্শকের কাছে বিশেষ পরিচিতি পেয়েছিলেন অভিনেত্রী ডোনা ভৌমিক। দীর্ঘ দিন ছোটপর্দায় দেখা না যাওয়ায় অনুরাগীদের মধ্যে নানা প্রশ্ন তৈরি হয়েছিল। অবশেষে সেই জল্পনার অবসান ঘটিয়ে অভিনেত্রী জানালেন, আপাতত অভিনয়ের চেয়ে তাঁর সমস্ত মনোযোগ আসন্ন বিয়ের প্রস্তুতিতে।
ডোনা জানান, বিয়ের বেশির ভাগ প্রস্তুতিই ইতিমধ্যে সম্পন্ন। আগামী ১৮ অগস্ট হবে আশীর্বাদ, রেজিস্ট্রি এবং আংটি বদলের অনুষ্ঠান। তার পর ডিসেম্বরের প্রথম সপ্তাহে সামাজিক বিয়ের আয়োজন। যদিও নির্দিষ্ট দিন এখনই প্রকাশ্যে আনতে চাননি তিনি।
বিয়ের পোশাক নিয়েও রয়েছে বিশেষ আবেগ। আইনি বিয়ের দিন তিনি পরবেন তাঁর মায়ের বিয়ের শাড়ি। আর সামাজিক অনুষ্ঠানের জন্য বেছে নিয়েছেন নেপাল থেকে বিশেষ ভাবে তৈরি একটি ডিজাইনার শাড়ি। আপাতত এর বেশি চমক আগেভাগে প্রকাশ করতে নারাজ অভিনেত্রী।
ডোনার হবু স্বামী সায়ন্তন মুখোপাধ্যায় অভিনয় জগতের কেউ নন। সম্পূর্ণ ভিন্ন পেশার মানুষ তিনি। অভিনেত্রী জানান, পাহাড়ে বেড়াতে গিয়ে এক বন্ধুর সূত্রে তাঁদের প্রথম আলাপ। পরে জানতে পারেন, সায়ন্তন তাঁকে প্রায় সাত বছর ধরে চিনতেন এবং নীরবে পছন্দও করতেন। সেই পরিচয় ধীরে ধীরে সম্পর্কের রূপ নেয়।
হাসতে হাসতেই ডোনা বলেন, এই সম্পর্ককে এক অর্থে প্রেমের বিয়ে বলা যায়, তবে প্রেমটা শুরু হয়েছিল সায়ন্তনের দিক থেকেই। তাঁর নিজের ক্ষেত্রে বিষয়টি ধীরে ধীরে এগিয়েছে। একই সময়ে পরিবারের তরফেও তাঁর জন্য পাত্র দেখা হচ্ছিল। সব মিলিয়েই দুই পরিবারের সম্মতিতে বিয়ের সিদ্ধান্ত নেওয়া হয়।
অভিনেত্রী আরও জানান, ভবিষ্যৎ জীবনসঙ্গীকে পরিবারের আস্থা অর্জন করতে বেশ কিছু পরীক্ষার মুখোমুখি হতে হয়েছে। তাঁর বাবা-মা প্রথমেই মানুষ হিসেবে সায়ন্তনকে বিচার করেছেন। পাশাপাশি তাঁর দায়িত্ববোধ, পেশাগত স্থিতি এবং আর্থিক স্বনির্ভরতাও খতিয়ে দেখা হয়েছে। সব দিক বিবেচনা করেই তাঁরা এই সম্পর্কের সম্মতি দিয়েছেন।
ডোনার কথায়, এখন তাঁর একমাত্র লক্ষ্য বিয়ের সমস্ত আয়োজন সুন্দর ভাবে সম্পন্ন করা। সেই কারণেই আপাতত নতুন কোনও ধারাবাহিক বা অভিনয়ের কাজ হাতে নিচ্ছেন না। বিয়ের পর নতুন অধ্যায় শুরু করে আবারও অভিনয়ে ফিরবেন কি না, সে বিষয়ে এখনই কিছু বলতে চাননি অভিনেত্রী। আপাতত ডিসেম্বরের বিশেষ দিনের অপেক্ষাতেই দিন গুনছেন তিনি এবং তাঁর পরিবার।
আরও পড়ুন: বারবার ভুলে যাচ্ছেন? মনোযোগ কমছে? মস্তিষ্কের কর্মক্ষমতা কমার নেপথ্যে থাকতে পারে এক সহজ কারণ
Image source-Google