ছোটপর্দার জনপ্রিয় মুখ হিয়া দে, যাকে দর্শক এখনও ‘পটলকুমার’ নামেই বেশি চেনেন, বর্তমানে হাসপাতালে ভর্তি। হাতে ব্যান্ডেজ বাঁধা অবস্থায় হাসপাতালের শয্যা থেকে নিজের কয়েকটি ছবি সামাজিক মাধ্যমে ভাগ করে নিয়েছেন অভিনেত্রী। সেই ছবি সামনে আসতেই অনুরাগীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। পরে জানা যায়, কবাডি অনুশীলনের সময় দুর্ঘটনার জেরেই তাঁর ডান হাতের কব্জিতে গুরুতর চোট লাগে।
হিয়ার মা জানিয়েছেন, গত সপ্তাহের বুধবার স্কুলে আন্ডার-১৯ কবাডি প্রতিযোগিতার প্রস্তুতি চলছিল। অনুশীলনের সময় হিয়া হঠাৎ পড়ে যায়। পড়ে যাওয়ার সময় শরীরের সম্পূর্ণ ভার গিয়ে পড়ে হাতের কব্জির উপর। প্রথমে চোটের গুরুত্ব বুঝতে না পেরে সে যন্ত্রণা সহ্য করেই ছিল। কিন্তু ব্যথা না কমায় পরে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হলে এক্স-রেতে ধরা পড়ে, কব্জির হাড় ভেঙে গিয়েছে।
পরিবারের দাবি, হিয়া দীর্ঘ সময় ব্যথা সহ্য করেছিল। চিকিৎসকও নাকি তাঁকে এ নিয়ে সতর্ক করেছেন। চিকিৎসকের কথায়, যন্ত্রণা সহ্য করার মানসিকতা ভাল হলেও এত বড় চোট লুকিয়ে রাখা উচিত হয়নি। দ্রুত চিকিৎসা না হলে সমস্যা আরও বাড়তে পারত।
চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী হিয়ার কব্জিতে অস্ত্রোপচার করা হবে। পরিবারের সদস্যদের আশা, অপারেশন সফলভাবে সম্পন্ন হলে খুব দ্রুতই সুস্থ হয়ে উঠবে অভিনেত্রী। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই জানা গিয়েছে।
‘পটলকুমার গানওয়ালা’ ধারাবাহিকের মাধ্যমে শিশু শিল্পী হিসেবে দর্শকদের মন জয় করেছিলেন হিয়া। তবে গত কয়েক বছর অভিনয়ের চেয়ে পড়াশোনা ও খেলাধুলাতেই বেশি মন দিয়েছেন তিনি। বর্তমানে একাদশ শ্রেণির ছাত্রী হিয়া নিয়মিত খেলাধুলার সঙ্গেও যুক্ত রয়েছেন। আন্ডার-১৯ কবাডি প্রতিযোগিতায় অংশ নেওয়ার প্রস্তুতিই চলছিল।
এর আগে এক সাক্ষাৎকারে হিয়া জানিয়েছিলেন, ভবিষ্যতে তিনি আবার অভিনয়ে ফিরতে চান। তবে এখন তাঁর প্রথম লক্ষ্য পড়াশোনা শেষ করা। পড়াশোনার সঙ্গে কোনও আপস করতে রাজি নন তিনি। সেই কারণেই আপাতত অভিনয় থেকে কিছুটা দূরে রয়েছেন।
হিয়ার হাসপাতালের ছবি প্রকাশ্যে আসার পর থেকেই তাঁর দ্রুত আরোগ্য কামনা করছেন অনুরাগীরা। সকলের আশা, সফল অস্ত্রোপচারের পর খুব শীঘ্রই সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে এবং ভবিষ্যতে অভিনয়ের জগতেও ফিরবেন ‘পটলকুমার’।
Image source-Google