কেরিয়ারের শুরু থেকে কখনও অতিরিক্ত রোগা, কখনও আবার ওজন বেড়ে যাওয়ার জন্য সমালোচনার মুখে পড়তে হয়েছে তাঁকে। তবে সেই মন্তব্যকে গুরুত্ব না দেওয়ারই পরামর্শ দিলেন অভিনেত্রী। বলিউডে চার দশকেরও বেশি সময়ের সফল কেরিয়ার মাধুরী দীক্ষিতের (Madhuri Dixit)। ১৯৮৪ সালে ‘অবোধ’ ছবির মাধ্যমে অভিনয়জগতে পা রাখলেও প্রথম কয়েক বছরে বিশেষ সাফল্য পাননি তিনি। পরে ‘তেজাব’ ছবির মাধ্যমে জনপ্রিয়তার শিখরে পৌঁছে একের পর এক উপহার দিয়েছেন ‘দিল’, ‘সাজন’, ‘বেটা’, ‘খলনায়ক’, ‘হম আপকে হ্যায় কৌন..!’, ‘দিল তো পাগল হ্যায়’-এর মতো বহু স্মরণীয় ছবি।
তবে সাফল্যের পথ মোটেই সহজ ছিল না। সম্প্রতি এক সাক্ষাৎকারে মাধুরী জানান, অভিনয় জীবনের শুরু থেকেই তাঁকে নানা ধরনের মন্তব্যের সম্মুখীন হতে হয়েছে। সবচেয়ে বেশি কটাক্ষ শুনতে হয়েছে তাঁর চেহারা নিয়ে।
অভিনেত্রীর কথায়, ‘‘এক সময় আমাকে বলা হত আমি খুব রোগা, আমাকে নাকি আরও খেতে হবে। পরে যখন ওজন কিছুটা বাড়ল, তখন আবার প্রশ্ন উঠল কেন এত মোটা হয়ে গিয়েছি। আমাদের দেশে কারও সঙ্গে দেখা হলেই অনেক সময় চেহারা বা ওজন নিয়ে মন্তব্য করা হয়।’’
মাধুরীর (Madhuri Dixit) মতে, নারীদের ওজন বা শারীরিক গঠনকে অযথা বিচার করার প্রবণতা অত্যন্ত বিরক্তিকর। তাই এ ধরনের মন্তব্যকে অতিরিক্ত গুরুত্ব না দিয়ে নিজের আত্মবিশ্বাস বজায় রাখার পরামর্শ দিয়েছেন তিনি।
প্রসঙ্গত, বহু বছর ধরে শোনা যেত যে অতিরিক্ত রোগা হওয়ার কারণে নাকি মাধুরীর সঙ্গে বিয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন গায়ক সুরেশ ওয়াডকর। সম্প্রতি সেই গুঞ্জন উড়িয়ে দিয়ে সুরেশ জানান, তাঁর কাছে এমন কোনও প্রস্তাব কখনও আসেনি। তিনি আরও দাবি করেন, এই গল্পের কোনও বাস্তব ভিত্তি নেই এবং দীর্ঘদিন ধরে ভুল বোঝাবুঝির জেরেই তা প্রচারিত হয়েছে।
আরও পড়ুন: TRP: প্রকাশিত হলো এই সপ্তাহের টিআরপি তালিকা
আরও পড়ুন: Curd: গরমে দইয়ের সঙ্গে মেশান এই ৫ মশলা, পেট থাকবে ঠান্ডা, হজমও হবে দ্রুত