তীব্র গরমে খোলা চুল রাখা বেশ অসুবিধাজনক। ঘাম, অস্বস্তি আর জট—সব মিলিয়ে বিরক্তিকর পরিস্থিতি তৈরি হয়। কিন্তু তাই বলে কি স্টাইলের সঙ্গে আপস করতে হবে? একেবারেই নয়। সামান্য কৌশল জানলেই বাঁধা চুলেও পাওয়া যেতে পারে দারুণ স্টাইলিশ লুক। গরমের দিনে আরামদায়ক অথচ আকর্ষণীয় কেশসজ্জার জন্য রইল তিনটি সহজ হেয়ারস্টাইলের হদিস।
প্রথমেই লো বান বা ঘাড়ের কাছে খোঁপা। এই কেশসজ্জা একই সঙ্গে এলিগ্যান্ট এবং আরামদায়ক। চুল ভালো করে আঁচড়ে নিয়ে মাঝখান দিয়ে সিঁথি কাটুন। সামনের দিক থেকে দু’পাশে অল্প চুল ছেড়ে রাখুন। বাকি চুল দিয়ে পিছনে একটি পনিটেল বেঁধে নিন। এরপর পনিটেলের কিছুটা নীচে আর একটি রাবার ব্যান্ড লাগান। চুলকে ভাগ করে ঘুরিয়ে প্রথম ব্যান্ডের কাছে খোঁপা তৈরি করুন। ইউ-পিন বা ববি পিন দিয়ে সেট করে নিন। সামনের চুল হালকা ফাঁপিয়ে রাখলে লুক আরও সুন্দর দেখাবে।
দ্বিতীয় স্টাইল স্পাইকি বান। যাঁদের চুল সোজা ও মসৃণ, তাঁদের জন্য এই স্টাইলটি একেবারে পারফেক্ট। চুল টান টান করে পিছনে বেঁধে নিন। এরপর রাবার ব্যান্ড দিয়ে এমনভাবে খোঁপা করুন যাতে চুলের শেষ অংশটি উপরের দিকে খোঁচা খোঁচা হয়ে থাকে। এই স্টাইলটি খুব কম সময়ে করা যায় এবং দেখতে বেশ ট্রেন্ডি লাগে।
তৃতীয় কেশসজ্জা মেসি বান। নাম থেকেই বোঝা যায়, এটি একটু এলোমেলো ধরনের খোঁপা। কিন্তু এই এলোমেলোভাবই এর সৌন্দর্য। চুল আঁচড়ে নিয়ে মাঝখান দিয়ে সিঁথি কাটুন এবং সামনের অংশে অল্প চুল আলগা করে রাখুন। বাকি চুল মাথার উপর পনিটেল করে নিন। এরপর চুলকে ভাগ করে খোঁপা বানিয়ে ইউ-পিন দিয়ে আটকে দিন। সামনের চুল একটু ফাঁপিয়ে বা হালকা কার্ল করে রাখলে লুক আরও আকর্ষণীয় হবে।
এই তিনটি কেশসজ্জা শুধু গরমে আরামই দেবে না, বরং আপনার দৈনন্দিন লুকেও এনে দেবে নতুনত্ব। টি-শার্ট, কুর্তি বা যে কোনও পোশাকের সঙ্গেই এই স্টাইলগুলি মানিয়ে যায়। ফলে গরমের দিনে স্টাইলিশ দেখাতে আর কোনও সমস্যাই থাকবে না।
আরও পড়ুন: Summer Recipe: গরমে রুচি নেই? উত্তর-পূর্ব ভারতের ৩ হালকা ও শীতল খাবারে বদলে ফেলুন পাতে স্বাদ
Image source-Google