ছোটপর্দায় মুখ্য চরিত্রে অভিনয়ের জন্য দর্শকদের কাছে পরিচিত মুখ পায়েল দে। সম্প্রতি ‘রাজনন্দিনী’ চরিত্রে তাঁকে দেখেছেন অনুরাগীরা। তবে শুধু নায়িকা হিসেবেই নয়, পার্শ্বচরিত্রেও সমান স্বচ্ছন্দ তিনি। বর্তমানে নির্ঝর মিত্র পরিচালিত ওয়েব সিরিজ় ‘ক্যুইন্‌স’-এ গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করছেন পায়েল।

 

তবে ইদানীং তাঁর কাজের চেয়ে ব্যক্তিগত জীবন নিয়েই বেশি চর্চা চলছে। বিবাহবিচ্ছেদ নিয়ে নানা জল্পনাও শোনা যাচ্ছে। যদিও এ বিষয়ে স্পষ্ট অবস্থান নিয়েছেন অভিনেত্রী— কাজের বাইরে ব্যক্তিগত জীবন নিয়ে তিনি প্রকাশ্যে কোনও মন্তব্য করতে চান না।

 

পায়েল বললেন, “এই এপ্রিল এলে আমার অভিনয়জীবনের ২০ বছর পূর্ণ হবে। এত বছরে নানা ধরনের চরিত্রে অভিনয় করেছি। আগে আমার কাজ নিয়েই আলোচনা হত। এখন ব্যক্তিগত জীবন নিয়ে এত কথা কেন হবে?” তাঁর কথায়, নিজের পরিবার ও সন্তান নিয়ে তিনি ভাল আছেন— তা বাইরে প্রমাণ করার কোনও প্রয়োজন তিনি অনুভব করেন না।

 

‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকে অতিথি শিল্পী হিসেবে যত দিন অভিনয়ের কথা ছিল, তা সম্পূর্ণ হয়েছে। ভবিষ্যতে ওই চরিত্রে তাঁকে আবার দেখা যাবে কি না, তা এখনও স্পষ্ট নয়। তবে দীর্ঘ কেরিয়ারের অভিজ্ঞতা থেকে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা পেয়েছেন পায়েল।

 

অভিনেত্রীর কথায়, “কাজের জন্যই আমি পরিচিতি পেয়েছি। সেখানে আমার পরিবারকে টেনে আনার কোনও মানে নেই। আমি এক জন আলাদা মানুষ, গোগোলও (স্বামী দ্বৈপায়ন দাস) আলাদা মানুষ। ব্যক্তিগত জীবনে আমরা স্বামী-স্ত্রী, কিন্তু পেশাগত জীবন সম্পূর্ণ ভিন্ন। এই দু’টো গুলিয়ে ফেললে সমস্যা হয়।”

 

সবচেয়ে বেশি আঘাত কোথায় পেয়েছেন? পায়েল খোলাখুলি জানান, “এই পর্যায়ে এসে দেখলাম, যাঁদের আমি বন্ধু ভাবতাম, তাঁরাই আমার ব্যক্তিগত জীবন নিয়ে বেশি আলোচনা করছেন। গসিপ করে আনন্দ পাচ্ছেন। তবে তাতে আমার আপত্তি নেই। কারণ, আমি পরিবার নিয়ে সুখেই আছি।”

 

করোনা পরবর্তী সময় তাঁর মানসিকতায় বড় পরিবর্তন এনেছে বলেও জানান অভিনেত্রী। “আমাকে হয়তো নরম মনে হয়, কিন্তু ধাক্কা খেতে খেতে এখন অনেক কঠিন হয়েছি। বোকা ছিলাম। করোনা আমাকে মানুষ চিনতে শিখিয়েছে, খারাপ পরিস্থিতির মুখোমুখি হতে শিখিয়েছে,” বলেন পায়েল।

 

তাই এখন তিনি স্পষ্ট— পেশা ও ব্যক্তিগত জীবন আলাদা রাখতেই চান। চারপাশে যতই আলোচনা হোক, নিজের পছন্দের চরিত্র বেছে নিয়ে নতুন ভাবে পর্দায় ফিরে আসাই তাঁর লক্ষ্য। ‘ক্যুইন্‌স’-এর শুটিং শেষ হলে দর্শক তাঁকে আরও ভিন্ন রূপে দেখতে পাবেন বলেই ইঙ্গিত দিয়েছেন অভিনেত্রী।

আরও পড়ুন: Skincare: চোখের তলার কালি ও মেচেতার দাগ কমাতে গুড়? জানুন ব্যবহারের সঠিক উপায়

Image source-Google

By Torsha