মাত্র পাঁচ মাস বয়স। কিন্তু সে তারকাসন্তান। তাই কৌতূহলের শেষ নেই— কেমন দেখতে নীর? কী ভাবেই বা তাকে বড় করছেন তারকা দম্পতি? সেই জল্পনার মাঝেই ছেলের ঘরের ঝলক প্রকাশ্যে আনলেন রাঘব চাড্ডা ও পরিণীতি চোপড়া (Parineeti Chopra)।

 

একান্ত যত্নে সাজানো নীরের নার্সারির নাম রাখা হয়েছে ‘অভয়ারণ্য’। ঘরে ঢুকলেই চোখে পড়ে নরম গোলাপি আভা। দেওয়াল থেকে পর্দা— সবেতেই রঙের সুরেলা মিল। ছোট্ট খাট, বেবিকট, দোলনা— সর্বত্রই পশুপাখির মোটিফ। কোথাও টেডি বিয়ারের মুখ আঁকা কুশন, কোথাও আবার বালিশে অ্যাপ্লিক করা নীরের নাম। ছড়িয়ে-ছিটিয়ে নরম পুতুল, যেন ছোট্ট এক বনভূমি।

 

ঘরে মৃদু স্বরে বাজছে ভজন। খোলা জানলা দিয়ে ঢুকছে সকালের রোদ আর হালকা বাতাস। অতিরিক্ত রং বা ভারী সাজসজ্জা এড়িয়ে ছিমছাম, শান্ত পরিবেশ তৈরি করাই ছিল দম্পতির লক্ষ্য।

 

ছেলের ঘরের ছবি ভাগ করে নিয়ে পরিণীতি (Parineeti Chopra) লেখেন, এমন একটি জায়গা তাঁরা তৈরি করতে চেয়েছেন যেখানে পা রাখলেই মন শান্ত হয়ে যাবে। অযথা বাড়তি রং বা জিনিসে ভরিয়ে না দিয়ে স্নিগ্ধ, প্রশান্ত পরিবেশেই বড় হোক নীর— এমনটাই চান প্রথমবারের মা-বাবা।

 

নিজেদের ভাবনাকে বাস্তবে রূপ দিতে যাঁরা সাহায্য করেছেন, তাঁদের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন রাঘব ও পরিণীতি। তারকাসন্তানের এই ‘অভয়ারণ্য’ ইতিমধ্যেই নেটমাধ্যমে কৌতূহলের কেন্দ্রবিন্দু।

By Torsha