রবিবার অনুষ্ঠিত হল ওয়েস্ট বেঙ্গল মোশন পিকচার্স আর্টিস্ট ফোরাম-এর বার্ষিক নির্বাচন। এ বছরের নির্বাচনে ফোরামের সদস্যপদে কিছু গুরুত্বপূর্ণ রদবদল লক্ষ্য করা গিয়েছে। আগামী এক বছরের জন্য কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন অভিনেত্রী বাসবদত্তা চট্টোপাধ্যায়। আনন্দবাজার ডট কম-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানালেন, এই সাফল্যের পিছনে রয়েছে কঠিন লড়াই।

 

গত দু’বছরের মতো এ বারও ফোরামের সভাপতি এবং কার্যকরী সভাপতি পদে থাকছেন যথাক্রমে রঞ্জিত মল্লিক ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সম্পাদক পদে বহাল রয়েছেন শান্তিলাল মুখোপাধ্যায়। অনেক দিন পর নির্বাচনের মাধ্যমে ফোরামে ফিরেছেন দেবদূত ঘোষ। তাঁর সঙ্গে সহকারী সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আবীর চট্টোপাধ্যায়। উল্লেখযোগ্য ভাবে, এ বছর কোনও পদেই নেই জিৎ। একই সঙ্গে অনুপস্থিত দেব, রাজ চক্রবর্তী-সহ টলিউডের আরও বেশ কিছু পরিচিত মুখ।

 

এই প্রথম নির্বাচনের মাধ্যমে কোষাধ্যক্ষ পদে এলেন বাসবদত্তা। বিষয়টি যে তাঁর কাছে বিশেষ তা স্পষ্ট তাঁর কথাতেই। অভিনেত্রীর কথায়, “আমি নিজেই এই পদের জন্য প্রার্থী হয়েছিলাম। কিন্তু খুব সহজে এই জায়গাটা পাইনি।” সোমবার ভোর সাড়ে তিনটে নাগাদ ভোটগণনা শেষ হয়। বাসবদত্তা জানান, সাদা কাপড়ের ঘেরাটোপের মধ্যে রাতভর ভোটগণনা চলেছে। তাঁর ভাষায়, “দেখে মনে হচ্ছিল, যেন বিধানসভা নির্বাচনের গণনা চলছে!”

 

নতুন দায়িত্ব পালনে তাঁকে সহযোগিতা করবেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা দিগন্ত বাগচী। সামনে কাজের পরিকল্পনা প্রসঙ্গে বাসবদত্তা বলেন, “এক সময় শিল্পীদের জন্য মেডিক্লেম প্রকল্প চালু ছিল, যা এখন বন্ধ। খুব ইচ্ছে রয়েছে, সেটি আবার চালু করার। পাশাপাশি, যে কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে সংগঠনের বর্ষীয়ানদের সঙ্গে আলোচনা করব।”

 

এ বছর সহ-সভাপতি পদে রয়েছেন চিরঞ্জিৎ চক্রবর্তী, ঋতুপর্ণা সেনগুপ্ত, লাবণী সরকার, শাশ্বত চট্টোপাধ্যায় ও ভরত কল। কার্যকরী কমিটিতে আছেন কুশল চক্রবর্তী, বিদীপ্তা চক্রবর্তী, শুভ্রজিৎ দত্ত, সুদীপ মুখোপাধ্যায়, গৌরব চট্টোপাধ্যায়-সহ একাধিক সদস্য।

আরও পড়ুন: Haircare Tips: ঘন কেশের স্বপ্নপূরণ মোটেই কঠিন নয়! শুধু যত্ন নয়, আর কী করলে পাতলা চুল ঘন হবে?

Image source-Google

By Torsha