১১ জানুয়ারি জন্মদিন ছিল অভিনেত্রী রূপা ভট্টাচার্যের। বিশেষ দিনটিকে ঘিরে বাড়তি জাঁকজমক তাঁর স্বভাবে নেই। বরং সাধারণ দিনের মতোই শরীরচর্চা, নিয়ন্ত্রিত খাবার আর সময় পেলে একটি সিনেমা—এই নিয়েই কাটে দিনটি। নিজের অভিনয়জীবন ও ইন্ডাস্ট্রিতে কম উপস্থিতি নিয়েও এ দিন স্পষ্ট কথা বললেন তিনি।
রূপার কথায়, জন্মদিন মানেই বড় আয়োজন—এ ধারণায় তিনি বিশ্বাসী নন। আগের রাতেই শ্বশুর-শাশুড়ি ফোনে শুভেচ্ছা জানান। মধ্যরাতে স্বামী ছোট করে একটি আয়োজন করেছিলেন, কয়েক জন বন্ধুও এসেছিলেন। তবে খাওয়াদাওয়ায় কোনও বাড়াবাড়ি নয়—অন্যান্য দিনের মতোই স্যালাডেই ভরসা।
ইদানীং পর্দায় তাঁকে খুব বেশি দেখা যায় না। কেন? এই প্রশ্নের উত্তরে অভিনেত্রী জানান, ইন্ডাস্ট্রির সবার সঙ্গে তাঁর সুসম্পর্ক থাকলেও তিনি কোনও নির্দিষ্ট গোষ্ঠী বা লবির অংশ নন। তাঁর কথায়, “সবাইয়ের সঙ্গে সম্পর্ক ভাল হলেও কোনও লবিতে নেই। তাই হয়তো পরিচালকদের মাথায় আমার নাম সহজে আসে না।” পাশাপাশি তিনি আরও বলেন, একটি বিশেষ ধরনের চরিত্রে অভিনয় করলে পরে বারবার সেই ধরনের চরিত্রেরই প্রস্তাব আসে, যা একঘেয়ে হয়ে ওঠে তাঁর কাছে।
তবে কাজ একেবারে বন্ধ নয়। অর্জুন দত্ত পরিচালিত ‘বিবি পায়রা’ ছবিতে অন্য রূপে দেখা যাবে তাঁকে। আরও কয়েকটি কাজের কথাবার্তাও চলছে বলে জানিয়েছেন অভিনেত্রী। যদিও আপাতত ধারাবাহিকে নিয়মিত ভাবে ফিরবেন কি না, সে বিষয়ে নিশ্চিত নন তিনি।
জন্মদিনের দিনে তাই আড়ম্বর নয়, আত্মসমালোচনা আর নতুন কাজের আশাতেই ভবিষ্যতের দিকে তাকিয়ে রূপা ভট্টাচার্য।
আরও পড়ুন: Suvendu Adhikari:‘খেলা শুরু ২০২৬’, তৃণমূলকে ১০০-র নীচে নামানোর দাবি শুভেন্দুর!
Image source-Google