এই মুহূর্তে সংসারেই মন ক্যাটরিনা কইফের। স্বামী ভিকি কৌশল ও সন্তানকে ঘিরেই কাটছে তাঁর দিন। মা হওয়ার পর গত দু’বছর ধরে নিজেকে অনেকটাই আড়ালে রেখেছেন অভিনেত্রী। তবে একটা সময় ছিল, যখন কাজের প্রতি তাঁর নিষ্ঠা ও একাগ্রতা নিয়ে বলিউডে চর্চা হত বিস্তর। সেই সময়েরই এক ঘটনা আজও আলোচনায়—‘ধুম ৩’ ছবির শুটিং সেটে।

 

২০১৩ সালে মুক্তি পাওয়া এই ছবির ‘কমলী’ গান আজও দর্শকদের মনে গেঁথে রয়েছে। সেই গানে ক্যাটরিনার নাচ ছিল চরম শারীরিক পরিশ্রমের ফল। অ্যাক্রোব্যাটিক্স, বি-বয়িং, আর্চ থেকে শুরু করে কনটেম্পোরারি—প্রায় সব ধরনের কঠিন নৃত্যভঙ্গিমাই ছিল গানের কোরিওগ্রাফিতে। অনেকেরই ধারণা ছিল, এই নাচে অভিনেত্রী নিশ্চয়ই বডি ডবল ব্যবহার করেছিলেন। কিন্তু বাস্তবটা ছিল একেবারেই আলাদা।

 

নৃত্যশিল্পী শক্তি মোহন, যিনি এই গানে কোরিওগ্রাফার বৈভবী মার্চেন্টের সহকারী হিসেবে কাজ করেছিলেন, জানান—ক্যাটরিনা চাইলেই বডি ডবল নিতে পারতেন। বিশেষ করে ‘আর্চ’-এর মতো ঝুঁকিপূর্ণ অংশে। কিন্তু তিনি তা করেননি।

 

শক্তির কথায়,

“ফ্রান্স থেকে বিশেষ নৃত্যশিল্পীদের আনা হয়েছিল। ক্যাটরিনার হাত-পা কেটে গিয়েছিল, রক্ত বেরোচ্ছিল। সেটে সকলেই চিন্তায় পড়ে গিয়েছিলেন। কিন্তু ক্যাটরিনা থামেননি। তিনি দেড় মাস ধরে শুটের আগে এই নাচের প্রশিক্ষণ নিয়েছিলেন। কিছু অংশ আবার সেটেই শিখে নিয়েছিলেন।”

 

এই অভিজ্ঞতা থেকেই শক্তির দাবি, ক্যাটরিনার মতো পরিশ্রমী ও একাগ্র শিল্পী খুব কমই দেখা যায়। শারীরিক যন্ত্রণা সত্ত্বেও কাজের প্রতি তাঁর নিষ্ঠা ছিল অনমনীয়। ‘কমলী’ শুধু একটি নাচ নয়—ক্যাটরিনা কইফের পেশাদারিত্বের এক উজ্জ্বল উদাহরণ।

আরও পড়ুন: Ranbir Kapoor: জাপানে মুক্তির পথে রণবীরের ‘অ্যানিম্যাল’, মেয়ে রাহাকে নিয়ে কোন স্বপ্নের কথা বললেন অভিনেতা?

Image source-Google

By Torsha