কিছু দিন ধরে পাকাপাকি ভাবে মুম্বইয়ের বাসিন্দা অভিনেত্রী অঙ্কিতা চক্রবর্তী। বাংলা ছবি বা ধারাবাহিকে তাঁকে অনেক দিন দেখা যায়নি। শেষ বার অভিনয় করেছিলেন ‘ঝনক’ ধারাবাহিকে। দীর্ঘ সময় মুম্বইতেই ছিলেন তিনি। সম্প্রতি বন্ধুর বিয়ের উপলক্ষে কলকাতায় এসেছেন অঙ্কিতা।

 

শান্তিনিকেতনে বন্ধুর বিয়ের অনুষ্ঠান সেরে কলকাতায় বৌভাতের নিমন্ত্রণে যোগ দেন তিনি। এরপর আবার মুম্বইয়ে ফিরে যাবেন অভিনেত্রী। কলকাতায় এসে নতুন কোনও কাজে যুক্ত হচ্ছেন কি না—এই প্রশ্নে অঙ্কিতা স্পষ্ট জানান, আপাতত সে রকম কোনও পরিকল্পনা নেই।

 

অভিনেত্রীর কথায়, এই মুহূর্তে তিনি ছোটপর্দায় কাজ করতে আগ্রহী নন। নিজের কাজের পরিধি আরও বিস্তৃত করতে চান তিনি। অঙ্কিতা বলেন, “আমার জন্য কলকাতায় এখনও তেমন কোনও কাজ নেই। তিন-চার মাস অন্তর একটা কাজ করে খরচ চালানো সম্ভব নয়। মুম্বইয়ে নানা ধরনের কাজের সুযোগ থাকে, চেষ্টা করার জায়গা আছে।”

 

তিনি আরও যোগ করেন, কলকাতার ইন্ডাস্ট্রি তুলনামূলক ছোট। সেখানে হাতে গোনা কয়েক জনই নিয়মিত কাজের সুযোগ পান। অডিশন ও অভিনয়দক্ষতার ভিত্তিতে যদি কাজ হত, তা হলে তাঁর হাতে আরও বেশি কাজ থাকত বলেই মনে করেন অঙ্কিতা।

 

শুধু অঙ্কিতাই নন, সাম্প্রতিক সময়ে টলিপাড়ার বহু শিল্পীই মুম্বইয়ে পাকাপাকি ভাবে থাকতে শুরু করেছেন। এই প্রসঙ্গে অভিনেত্রীর দাবি, অন্য শহরে কাজের সুযোগ ও পরিসর অনেক বেশি বলেই এই প্রবণতা বাড়ছে। আপাতত স্বাধীনভাবে কাজ করে অভিনেত্রী হিসেবে নতুন ভাবে নিজেকে দর্শকের সামনে তুলে ধরতে চান অঙ্কিতা।

আরও পড়ুন: Shankar Chakraborty: ২২ কেজি ওজন ঝরিয়ে বদলে গিয়েছেন শঙ্কর চক্রবর্তী, তবু ভুল বুঝছেন অনেকেই

Image source-Google

 

By Torsha