গত এক বছরে নিজের চেহারায় বড় পরিবর্তন এনেছেন অভিনেতা শঙ্কর চক্রবর্তী। ২০২৫ সালের জানুয়ারি মাস থেকে ওজন কমানোর সিদ্ধান্ত নেন তিনি। একটানা নিয়ম মেনে খাওয়াদাওয়া ও শরীরচর্চার ফলেই প্রায় ২২ কেজি ওজন ঝরিয়েছেন অভিনেতা। তবে এই বদল দেখে অনেকেই তাঁকে অসুস্থ ভেবে বসছেন।

 

শঙ্করের কথায়, এক সময় তাঁর ওজন বেড়ে ৯৭ কেজিতে পৌঁছেছিল। ভুঁড়ি এতটাই বেড়ে গিয়েছিল যে স্বাভাবিক ভাবে হাঁটাচলাতেও অসুবিধা হচ্ছিল। শুটিংয়ের পর মনিটরে নিজের মুখ দেখতেও ভালো লাগত না। সেই অস্বস্তিই তাঁকে ওজন কমানোর পথে হাঁটতে অনুপ্রাণিত করে।

 

অভিনেতা জানান, এরপর থেকেই নিয়ম মেনে জীবনযাপন শুরু করেন তিনি। সকালে নির্দিষ্ট সময়ে ভাত খাওয়া, সারা দিন অল্প অল্প করে ছোলা ও সেদ্ধ ডিম খাওয়াই ছিল তাঁর রুটিনের অংশ। সঙ্গে চলেছে নিয়মিত শরীরচর্চা।

 

ওজন কমানোর পর এখন ভিতর থেকে অনেক বেশি সুস্থ অনুভব করছেন শঙ্কর। আগে যে রক্তচাপ ও রক্তে শর্করার সমস্যা ছিল, তা এখন আর নেই বলেই জানান তিনি। যদিও চেহারার পরিবর্তনের কারণে অনেকেই তাঁকে দেখে চিন্তিত হয়ে পড়ছেন। অভিনেতার কথায়, “অনেকে সরাসরি জিজ্ঞেস করছেন, আমার শরীর খারাপ কি না। কেউ কেউ তো ধরে নিয়েছেন আমি অসুস্থ।”

 

তবে শঙ্কর স্পষ্ট করে জানিয়েছেন, তিনি সম্পূর্ণ সুস্থ আছেন। এই মুহূর্তে ধারাবাহিকে কাজ না করলেও নিয়মিত মঞ্চে অভিনয় করছেন তিনি। পাশাপাশি সামনে পরপর দু’টি ছবির কাজও রয়েছে তাঁর হাতে।

আরও পড়ুন: Recipe: স্বাদ বদলাতে বাড়িতে বানিয়ে নিন মোহিনীমোহন মাটন

Image source-Google

By Torsha