সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর পর একেবারে বদলে গিয়েছিল রিয়া চক্রবর্তীর জীবন। একের পর এক অভিযোগ, তদন্ত, আদালতের চক্কর—সব মিলিয়ে চরম মানসিক চাপে ভেঙে পড়েছিলেন অভিনেত্রী। এমনকি এক মাস সংশোধনাগারেও থাকতে হয়েছিল তাঁকে। ২০২০ সালের সেই ঘটনার পর দীর্ঘ সময় ঘর ও আদালতের মধ্যেই সীমাবদ্ধ ছিল তাঁর জীবন।
গত বছর অবশেষে আদালত থেকে ক্লিনচিট পান রিয়া। তবে আইনি স্বস্তি মিললেও মানসিক ক্ষত এখনও পুরোপুরি সারে না। অভিনেত্রীর মনে হত, পৃথিবীটা আর আগের মতো নিরাপদ বা বাসযোগ্য নেই।
সুশান্তের মৃত্যু ঘিরে তৈরি হওয়া বিতর্কে রিয়ার নাম জড়িয়ে পড়ায় তাঁর অভিনয়জীবনেও বড় প্রভাব পড়ে। ক্যামেরার সামনে আসা থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন তিনি। দীর্ঘ ছয় বছর পর আবার অভিনয়ে ফেরার প্রস্তুতি নিচ্ছেন রিয়া। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, আজকাল ট্রোল না হলে তাঁর নিজেরই মনে হয়, তিনি ঠিক পথে এগোচ্ছেন কি না।
রিয়ার আক্ষেপ, টেলিভিশনের পর্দায় কোটি কোটি মানুষ তাঁর গ্রেফতার ও জেলে যাওয়ার দৃশ্য দেখেছিলেন। অথচ তাঁদের মধ্যে যদি অন্তত এক কোটি মানুষও তাঁর ক্লিনচিট পাওয়ার অর্থটা বুঝতেন, তা হলে হয়তো পরিস্থিতি কিছুটা আলাদা হত।
জেল থেকে ফেরার পর থেকেই মনে গভীর ভয় বাসা বেঁধেছে বলে স্বীকার করেন অভিনেত্রী। রিয়া বলেন, “মুক্তি পাওয়ার পর মনে হত, পৃথিবীটা আর নিরাপদ নয়। বাইরে বেরোতে ভয় লাগত। দরজা খুলে কোনও পুরুষকে দেখলেই আজও অদ্ভুত আতঙ্কে শরীর কাঁপতে শুরু করে। নানা নেতিবাচক চিন্তা মাথায় আসে।”
এই অভিজ্ঞতাগুলির ছাপ এখনও তাঁর মনে রয়ে গিয়েছে। তবু ধীরে ধীরে সেই ভয় কাটিয়ে আবার স্বাভাবিক জীবনে ফিরতে চেষ্টা করছেন রিয়া চক্রবর্তী।
আরও পড়ুন: Ankita Chakraborty: বন্ধুর বিয়েতে কলকাতায়, কাজে ফের মুম্বইমুখী অঙ্কিতা চক্রবর্তী
Image source-Google