টেলিভিশন থেকে বড়পর্দা—ধীরে ধীরে নিজের জায়গা পোক্ত করছেন অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডু। বর্ধমান থেকে কলকাতায় এসে অভিনয়ের দুনিয়ায় নিজেকে প্রতিষ্ঠা করা মোটেও সহজ ছিল না। ধারাবাহিকের মাধ্যমে দর্শকের নজরে আসার পর বড়পর্দায় তাঁর হাতেখড়ি হয় অভিনেতা-প্রযোজক দেবের বিপরীতে। তার পরেই একের পর এক নতুন কাজের সুযোগ আসে তাঁর ঝুলিতে।
এ বার ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা শাকিব খানের সঙ্গে কাজ করছেন জ্যোতির্ময়ী। ‘প্রিন্স’ ছবিতে শাকিবের বিপরীতে দেখা যাবে তাঁকে। স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠছে—দেব আর শাকিব, এই দুই তারকার সঙ্গে কাজের অভিজ্ঞতায় কোনও পার্থক্য কি লক্ষ্য করেছেন অভিনেত্রী?
এই প্রসঙ্গে জ্যোতির্ময়ীর বক্তব্য, খুব বড় কোনও ফারাক তিনি দেখেননি। তাঁর কথায়, দু’জনেই অত্যন্ত মাটির মানুষ এবং পেশাদারিত্বের দিক থেকে সমানভাবে পরিশ্রমী। তবে স্বভাবগত দিক থেকে কিছু পার্থক্য আছে বলেই মনে করেন তিনি।
অভিনেত্রী জানালেন, “দেবদা শুটিং সেটে এলে সেটা আলাদা করে বোঝা যায়। খুব প্রাণবন্ত, হাসি-ঠাট্টায় ভরা পরিবেশ তৈরি করেন। নতুন শিল্পীদের সঙ্গে কাজ করতে ওঁর কোনও সংকোচ নেই। বরং সবাইকে স্বচ্ছন্দে কাজ করার সুযোগ করে দেন।”
অন্য দিকে শাকিব খান তুলনায় অনেক বেশি ধীরস্থির ও শান্ত স্বভাবের। জ্যোতির্ময়ীর কথায়, “শাকিব খান খুব কম কথা বলেন, কিন্তু একেবারে চুপচাপও নন। মাঝেমধ্যে মজার কথাও বলেন। আমি যেটা বুঝেছি, উনি আসলে শটের জন্য নিজের সমস্ত এনার্জি জমিয়ে রাখেন।”
বর্তমানে জ্যোতির্ময়ীর সম্পূর্ণ মনোযোগ ‘প্রিন্স’ ছবির দিকেই। ছবির কিছু অংশের শুটিং এখনও বাকি রয়েছে। নতুন কাজ নিয়ে এখনই মুখ খুলতে নারাজ অভিনেত্রী। তাঁর মতে, এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল চলতি প্রজেক্টটি মন দিয়ে শেষ করা।
টেলিভিশন থেকে বড়পর্দা—দু’বাংলার দুই তারকার সঙ্গে কাজ করে অভিজ্ঞতার ঝুলিও যে ক্রমশ ভারী হচ্ছে, তা বলাই বাহুল্য।
Image source-Google