দক্ষিণী ছবির জনপ্রিয় জুটি রশ্মিকা মন্দানা ও বিজয় দেবরকোন্ডার বিয়ে নিয়ে জল্পনা নতুন নয়। রবিবার আচমকাই গুঞ্জন ছড়িয়ে পড়ে—২ ফেব্রুয়ারি উদয়পুরে গাঁটছড়া বাঁধতে চলেছেন এই তারকা যুগল। তবে সেই খবরকে পুরোপুরি ভুয়ো বলে উড়িয়ে দিলেন রশ্মিকা নিজেই।
সংবাদমাধ্যমের কাছে স্পষ্ট করে অভিনেত্রী জানিয়ে দেন, ২ ফেব্রুয়ারি তাঁদের বিয়ে হচ্ছে না। এই ঘোষণার পর ফের নতুন করে চর্চা শুরু হয় ফেব্রুয়ারি মাসের ২৬ তারিখ নিয়ে। প্রথম থেকেই শোনা যাচ্ছিল, ওই দিনেই নাকি চার হাত এক হতে চলেছে বিজয় ও রশ্মিকার।
ঘনিষ্ঠ মহলের দাবি, বিয়ের আসর বসতে পারে রাজস্থানের উদয়পুরেই। তবে জাঁকজমকের বদলে একান্ত পারিবারিক পরিবেশেই অনুষ্ঠান সারতে চান দু’জন। দুই পরিবারের ঘনিষ্ঠ আত্মীয় ও কাছের মানুষদের নিয়েই বিয়ের সমস্ত রীতি পালন করার পরিকল্পনা রয়েছে। বিনোদনজগত থেকেও হাতে গোনা কয়েক জন অতিথিই আমন্ত্রিত থাকবেন বলে খবর। ছবিশিকারি ও সংবাদমাধ্যমের বাড়তি নজর এড়িয়েই শান্তিপূর্ণ ভাবে বিয়েটা সারতে চান তাঁরা।
যদিও বিয়ের অনুষ্ঠান যতটাই ব্যক্তিগত হোক, প্রীতিভোজে নাকি থাকছে খানিকটা জাঁকজমক। জানা গিয়েছে, বিয়ের কয়েক দিন পরে হায়দরাবাদে একটি বড়সড় রিসেপশনের আয়োজন করা হবে। সেখানে দক্ষিণী ও বলিউড—দুই ইন্ডাস্ট্রির বহু পরিচিত মুখ উপস্থিত থাকতে পারেন।
প্রসঙ্গত, গত বছরের অক্টোবর মাসে রশ্মিকা ও বিজয়ের বাগ্দান হয়ে গেছে—এমন খবরও ঘোরাফেরা করেছিল সমাজমাধ্যমে। দাবি করা হয়েছিল, পারিবারিক আবহে গোপনেই নাকি সেই অনুষ্ঠান সেরেছেন তাঁরা। যদিও সে সময় এই বিষয়ে মুখ খুলতে চাননি অভিনেত্রী। এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, “বিয়ে নিয়ে আমি এখনই কিছু স্বীকার বা অস্বীকার করব না। যখন বলার সময় আসবে, তখন আমরা নিজেরাই জানাব।”
ব্যক্তিগত জীবন ও কাজের সমীকরণ নিয়েও কথা বলেছিলেন রশ্মিকা। তাঁর কথায়, “বাড়িতে আমি কাজ নিয়ে খুব একটা আলোচনা করি না। কাজের জায়গায় সমস্যা হলে অবশ্যই বিজয়ের সঙ্গে কথা বলি। কিন্তু বাড়ি ফিরলে আমি শুধুই পরিবারের মানুষ হয়ে থাকতে চাই।”
এখনও পর্যন্ত বিয়ে নিয়ে সরাসরি কোনও ঘোষণা না এলেও, অনুরাগীদের অপেক্ষা যে ক্রমশ বাড়ছে, তা বলাই বাহুল্য।
Image source-Google