শৈশব থেকেই ত্বক ও চুলের যত্নে ঘরোয়া উপকরণের উপরই আস্থা রেখেছেন অভিনেত্রী জাহ্নবী কপূর। মা শ্রীদেবীর কাছ থেকেই রূপচর্চার নানা টোটকা শিখেছিলেন তিনি। বিলাসবহুল বিউটি প্রোডাক্টের বদলে আজও রান্নাঘরের সহজ উপাদানেই চুলের পরিচর্যা সারেন জাহ্নবী—এ কথা নিজেই এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন।

 

অভিনেত্রীর কথায়, “হেঁশেলের বহু উপকরণই আমি চুলের যত্নে ব্যবহার করি। ডিম, মেথি—এ সবই আমার রুটিনের অংশ।” চুল পড়া কমাতে এবং চুলকে ভিতর থেকে শক্তিশালী করতে তিনি নিয়মিত একটি বিশেষ ঘরোয়া হেয়ার প্যাক ব্যবহার করেন।

 

এই হেয়ার প্যাকটি তৈরি করতে লাগে মাত্র পাঁচটি উপাদান—

**দই, ডিম, মধু, অলিভ অয়েল ও নারকেলের দুধ।**

সব উপকরণ ভাল করে মিশিয়ে একটি ঘন মিশ্রণ বানিয়ে নিতে হবে। এরপর মাথার ত্বক থেকে শুরু করে চুলের আগা পর্যন্ত সমান ভাবে লাগিয়ে নিন। প্রায় ৩০ মিনিট রেখে মাইল্ড শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেললেই কাজ শেষ।

 

### কেন কার্যকর এই হেয়ার প্যাক?

 

এই প্যাক শুধু চুল সুন্দর করতেই নয়, চুলের স্বাস্থ্যের জন্যও ভীষণ উপকারী। দই ও ডিম মাথার ত্বকে জমে থাকা মৃতকোষ পরিষ্কার করে এবং অতিরিক্ত তেল ও ধুলো দূর করতে সাহায্য করে। অন্য দিকে, মধু ও নারকেলের দুধ চুলে প্রয়োজনীয় আর্দ্রতা ও পুষ্টি জোগায়, ফলে চুল হয় নরম ও মসৃণ। নিয়মিত ব্যবহার করলে খুশকির সমস্যাও অনেকটাই কমে, যার ফলে চুল পড়া নিয়ন্ত্রণে আসে।

 

শীতকাল হোক বা গরম—চুলের ক্ষতি এড়াতে রাসায়নিক প্রোডাক্টের বদলে জাহ্নবীর এই ঘরোয়া হেয়ার প্যাক হতে পারে সহজ ও কার্যকর সমাধান।

আরও পড়ুন: Sneha Chatterjee: খলনায়িকার চরিত্রে অভিনয়ের কথা থাকলেও কেন ‘চিরদিনই তুমি যে আমার’-এ দেখা গেল না স্নেহাকে?

Image source-Google

By Torsha