বর্তমান সময়ে বাংলা ছবির দর্শকদের মন জয় করে চলেছেন পরিচালক জুটি শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়। একের পর এক সামাজিক ও ভিন্নধর্মী ছবির মাধ্যমে তাঁরা নিজেদের আলাদা জায়গা তৈরি করেছেন ইন্ডাস্ট্রিতে। চলতি বছরই মুক্তি পেয়েছে তাঁদের নতুন ছবি ‘রক্তবীজ ২’। এই ছবিতে পরিচালনার পাশাপাশি শেষ দৃশ্যে অভিনয় করতেও দেখা গেছে শিবপ্রসাদকে।
শিবপ্রসাদ ও নন্দিতার একাধিক ছবিতে বহু নামী অভিনেতা-অভিনেত্রীকে দেখা গেলেও আজ পর্যন্ত বাংলার অন্যতম সুপারস্টার জিৎ তাঁদের কোনও ছবিতে অভিনয় করেননি। বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরেই দর্শকদের মধ্যে কৌতূহল ছিল—কেন একসঙ্গে কাজ হল না এই দুই জনপ্রিয় মুখের?
সম্প্রতি একটি সাক্ষাৎকারে নিজেই সেই রহস্যের পর্দা সরিয়েছেন জিৎ। আনন্দলোককে দেওয়া সাক্ষাৎকারে অভিনেতা জানিয়েছেন, শিবপ্রসাদের সঙ্গে তাঁর মাঝেমধ্যেই একসঙ্গে কাজ করার কথা হয়। কিন্তু নানা কারণে সেই সুযোগ বাস্তবায়িত হয়ে ওঠে না। জিৎ বলেন, “প্রায় প্রতি বছরই শিবপ্রসাদের সঙ্গে ছবি নিয়ে আমাদের কথা হয়। কিন্তু কখনও গল্প পছন্দ হয় না, কখনও আবার শিবুকেই আমার পছন্দ হয় না! মানে, কখনও ওর কথাবার্তাই আমার ভালো লাগে না। তাই কাজটা আর হয়ে ওঠে না।”
তবে এর মানে এই নয় যে একে অপরের সঙ্গে তাঁদের কোনও অস্বস্তি রয়েছে। বরং জিৎ স্পষ্ট করে জানিয়েছেন, দু’জনেরই ইচ্ছা রয়েছে একসঙ্গে কাজ করার। উপযুক্ত সুযোগ এলেই হয়তো সেই ইচ্ছা বাস্তবে রূপ নেবে।
শিবপ্রসাদকে অভিনেতা হিসেবে নিজের প্রতিদ্বন্দ্বী বলেও মানতে নারাজ জিৎ। তাঁর মতে, শিবপ্রসাদ ভালোবেসেই অভিনয়ে হাত দেন, কোনও প্রতিযোগিতার জায়গা থেকে নয়। তাই এই বিষয়টি নিয়ে তিনি একেবারেই নিশ্চিন্ত।
এক সময় শিবপ্রসাদ ও নন্দিতা তাঁদের ছবি ‘বহুরূপী’-র জন্য জিৎকে নেওয়ার কথাও ভেবেছিলেন। কিন্তু পরে সেই পরিকল্পনা বাতিল হয়ে যায়। কারণ ছবির নায়কের চরিত্র অনুযায়ী খুব বেশি সুপুরুষ অভিনেতা মানানসই ছিলেন না। সেই বিচারেই শেষ পর্যন্ত জিৎকে নেওয়া হয়নি।
এরই মধ্যে নিজের কেরিয়ারের নতুন অধ্যায়ের প্রস্তুতি নিচ্ছেন জিৎ। আগামী বছর মুক্তি পেতে চলেছে তাঁর নতুন ছবি ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’। বিপ্লবী অনন্ত সিংয়ের জীবনের আধারে তৈরি এই ছবিতে জিৎকে দেখা যাবে টোটা রায়চৌধুরীর সঙ্গে স্ক্রিন ভাগ করে নিতে। নতুন চরিত্রে জিৎকে দেখার অপেক্ষায় রয়েছেন তাঁর অনুরাগীরা।
Image source-Google