মাত্র কয়েক দিন আগেই শেষ হয়েছে জনপ্রিয় ধারাবাহিক ‘ফুলকি’-এর শুটিং। এই ধারাবাহিকের হাত ধরেই দর্শকের কাছে পরিচিত মুখ হয়ে উঠেছিলেন অভিনেত্রী দিব্যাণী মণ্ডল। ধারাবাহিক চলাকালীনই গুঞ্জন শুরু হয়েছিল— ছোটপর্দার গণ্ডি পেরিয়ে এবার বড়পর্দায় পা রাখতে চলেছেন তিনি। সেই জল্পনাই এবার বাস্তবে রূপ নিয়েছে। পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের নতুন ছবি ‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’-তে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাঁকে।
শোনা যাচ্ছে, এই একটি ছবিতেই থেমে থাকছেন না দিব্যাণী। তাঁর ঝুলিতে নাকি আরও বেশ কয়েকটি চলচ্চিত্রের প্রস্তাব রয়েছে। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে— তা হলে কি তিনি পুরোপুরি ছোটপর্দা ছাড়ছেন? আপাতত অবশ্য ‘ফুলকি’ শেষ হওয়ার পর একটানা কাজের ব্যস্ততা থেকে সাময়িক বিরতি নিয়েছেন অভিনেত্রী। শুটিং শেষ হওয়ায় হাতে মিলেছে খানিকটা ছুটি। এই সময়টা নিজের মতো করে কাটাচ্ছেন। ঘোরাঘুরির পরিকল্পনাও করছেন, সঙ্গে নিচ্ছেন প্রয়োজনীয় বিশ্রাম। তবে বিশ্রামের মাঝেই চলছে প্রথম ছবির প্রস্তুতি।
ইন্ডাস্ট্রির অন্দরমহলে গুঞ্জন আরও জোরালো হয়েছে এই কারণে যে, একের পর এক নতুন কাজের কথাবার্তাও নাকি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। সব মিলিয়ে ছোটপর্দায় তাঁর ভবিষ্যৎ নিয়েই তৈরি হয়েছে নানা জল্পনা।
এই প্রসঙ্গে নিজেই মুখ খুলেছেন দিব্যাণী। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, “অনেকে ভাবছেন হয়তো আমি আর ধারাবাহিকে ফিরব না, কিন্তু বিষয়টা তা নয়। আপাতত কিছুটা সময়ের জন্য ছোটপর্দায় থাকব না শুধু এই কারণে যে, সৃজিত স্যরের ছবিটা আমার খুব গুরুত্বপূর্ণ। এই চরিত্রে পুরো মনোযোগ দিতে চাই। পাশাপাশি নতুন ধরনের কয়েকটি কাজ নিয়েও কথা চলছে। তাই ধারাবাহিকে ফিরতে একটু সময় লাগবে। তবে একেবারে যে আর ফিরব না, তা নয়। হয়তো আগামী বছরের শেষের দিকে আবার ছোটপর্দায় দেখা যাবে আমাকে।”
কলকাতার মেয়ে নন দিব্যাণী। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার সময় থেকেই অভিনয়ের সঙ্গে তাঁর যাত্রা শুরু। মঞ্চ ও নিয়মিত চর্চার মধ্য দিয়েই নিজেকে তৈরি করেছেন তিনি। ‘ফুলকি’ তাঁকে এনে দিয়েছে জনপ্রিয়তা, আর এখন সেই জনপ্রিয়তার ভর করেই শুরু হতে চলেছে তাঁর জীবনের নতুন অধ্যায়। বড়পর্দায় কোন চরিত্রে তাঁকে দেখা যাবে, তা নিয়ে দর্শকের কৌতূহল তুঙ্গে।
Image source-Google