গত ৭ নভেম্বর মুক্তি পেয়েছে পরিচালক প্রতীম ডি. গুপ্তের ছবি ‘রান্নাবাটি’। মুক্তির পর থেকেই দর্শকদের মধ্যে ভাল সাড়া ফেলেছে এই ছবি। ঋত্বিক চক্রবর্তী, সোহিনী সরকার ও শোলাঙ্কি রায়ের অভিনয়ে এক অন্য রসায়ন দেখেছে দর্শক। বাবা-মেয়ের সম্পর্ক, ভালোবাসা আর রান্নাবাটির আবেগ—সব মিলিয়ে মন ছুঁয়েছে ‘মোহর’ ও তার বাবা শান্তনুর গল্প।
ছবিটি মুক্তির ২৫ দিন পার হতেই টলিপাড়ায় শুরু হয়েছে নতুন গুঞ্জন—তবে কি ‘রান্নাবাটি’র দ্বিতীয় পর্ব আসতে চলেছে? ইন্ডাস্ট্রির অন্দরমহলের খবর অনুযায়ী, নাকি ইতিমধ্যেই ‘রান্নাবাটি ২’-এর ভাবনাচিন্তা শুরু করে দিয়েছেন পরিচালক। সেই জল্পনায় সিলমোহর দিলেন প্রতীম নিজেই।
পরিচালক জানিয়েছেন, সত্যিই তিনি ‘রান্নাবাটি’র পরবর্তী অধ্যায়ের কথা ভাবছেন। ছবিটির প্রযোজনার দায়িত্বে থাকবে ‘নন্দী মুভিজ়’। এ বিষয়ে প্রতীম বলেন, “সিক্যুয়েলের পরিকল্পনা একেবারে প্রাথমিক স্তরে রয়েছে। এখনও গল্প লেখা শুরু করিনি, তবে মাথার মধ্যে একটা রূপরেখা তৈরি হয়েছে। কবে শুটিং শুরু হবে, তা এখনই বলা সম্ভব নয়। স্ক্রিনিং কমিটির মিটিং, প্রস্তুতি—সব কিছু মিলিয়ে অনেক কিছু ভেবে এগোতে হবে। আপাতত যা বোঝা যাচ্ছে, ২০২৭ সালের আগে কাজ শুরু হবে না। তবে এটুকু নিশ্চিত, ‘রান্নাবাটি ২’ আসছে।”
প্রথম ছবিতে বাবা-মেয়ের আবেগঘন সম্পর্কের পাশাপাশি দর্শক পেয়েছেন প্রেম আর রান্নাবাটির মিষ্টি মিলন। এই ছবির মাধ্যমেই অনেক দিন পরে বড়পর্দায় দেখা গিয়েছে বিদীপ্তা চক্রবর্তী ও বিরসা দাশগুপ্তের কন্যা ইদা দাশগুপ্তকে।
এখন প্রশ্ন উঠছে—‘রান্নাবাটি ২’-তেও কি দেখা যাবে একই অভিনেতা-অভিনেত্রীদের? শোনা যাচ্ছে, সোহিনী সরকার সম্ভবত থাকছেন সিক্যুয়েলেও। তবে ঋত্বিক চক্রবর্তী ও শোলাঙ্কি রায় থাকবেন কি না, সে বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বাকিটা আপাতত সময়ের হাতেই ছেড়ে দিয়েছেন নির্মাতারা।
‘রান্নাবাটি’র সাফল্যের পর দর্শক যে দ্বিতীয় পর্বের জন্য মুখিয়ে, তা বলাই বাহুল্য। এখন শুধু অপেক্ষা, কবে পর্দায় ফের ঝাঁজাল হবে ‘রান্নাবাটি ২’-এর স্বাদ।
আরও পড়ুন: Jeet: ‘শিবুকে ঠিক পছন্দই হয় না আমার’—এই কারণেই আজও শিবপ্রসাদের ছবিতে দেখা যায়নি জিৎকে
Image source-Google