দুর্গাপুরের (Durgapur) এক বেসরকারি মেডিক্যাল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্যজুড়ে। ঘটনায় অভিযুক্তদের কঠোর শাস্তি নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রবিবার উত্তরবঙ্গ সফরের পথে কলকাতা বিমানবন্দরে (Airport) দাঁড়িয়ে এই প্রসঙ্গে প্রথমবার মুখ খুললেন তিনি।

মুখ্যমন্ত্রী বলেন, “এই ঘটনা অত্যন্ত নিন্দনীয়। যারা দোষী, তারা কেউই ছাড় পাবে না। পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে, কঠোর পদক্ষেপ নিতে। ইতিমধ্যেই তিনজনকে গ্রেফতার করা হয়েছে। আরও যারা জড়িত, তাদের বিরুদ্ধেও দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।”মমতা আরও জানান, এই ধরণের ঘটনা রুখতে বেসরকারি কলেজ কর্তৃপক্ষের আরও দায়িত্বশীল হওয়া উচিত ছিল। “হস্টেলে থাকা পড়ুয়াদের সুরক্ষার জন্য একটা নির্দিষ্ট সিস্টেম থাকা দরকার। রাতে কে কোথায় যাচ্ছে, তা নজরে রাখা উচিত। তবে এটা বলছি না যে কেউ বাইরে গেলেই সে দোষী। যে যেখানে খুশি যেতে পারে, সেটা তার মৌলিক অধিকার। কিন্তু নিরাপত্তার প্রশ্নে প্রতিষ্ঠানকেও দায় এড়ানো যায় না।”

উল্লেখ্য, ১০ অক্টোবর রাতে দুর্গাপুরের পরাণগঞ্জ কালীবাড়ি সংলগ্ন একটি জঙ্গলে নিয়ে গিয়ে ওই তরুণীকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। তরুণী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। অভিযুক্তদের মধ্যে অপু বাউড়ি, শেখ ফিরদৌস এবং শেখ রিয়াজউদ্দিনকে ইতিমধ্যে গ্রেফতার করেছে পুলিশ। আরও একজন শেখ নাসিরউদ্দিন ওরফে সম্রাটকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মূল অভিযুক্ত সফিকুল শেখ এখনও পলাতক। এই ঘটনার পর কলেজে বিক্ষোভ শুরু করেছে কংগ্রেসের মহিলা সংগঠন ও অভয়া মঞ্চের প্রতিনিধিরা। নির্যাতিতার পরিবারের অভিযোগ, কলেজ কর্তৃপক্ষের থেকে তারা প্রয়োজনীয় সহযোগিতা পাচ্ছেন না। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, রাজ্যে ‘জিরো টলারেন্স’ নীতি মেনে চলা হয়, এবং যেকোনও অপরাধে সরকার দ্রুত পদক্ষেপ করে। এই ঘটনাতেও তার ব্যতিক্রম হবে না।

আরও পড়ুন: Mamata Banerjee: মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে এয়ারগান হাতে সন্দেহভাজন! কড়া জিজ্ঞাসাবাদের পর ছাড়া পেলেন বেসরকারি স্কুল শিক্ষক

 

By Sk Rahul

Senior Editor of Newz24hours