বঙ্গ রাজনীতিতে উৎসবও আর শুধুই উৎসব নয়—বিশেষ করে বিজেপির ক্ষেত্রে। এ বছর চতুর্থীতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) কলকাতায় (Kolkata) পা রাখার সঙ্গে সঙ্গেই ফের সামনে এল বঙ্গ বিজেপির পুরনো জ্বলন্ত প্রশ্ন, আদি বনাম নব্য গোষ্ঠীর ক্ষমতার লড়াই।

সূত্রের খবর, শাহের পুজো সফরের পরিকল্পনায় দক্ষিণ কলকাতার ‘সেবক সংঘ’-এর একটি দুর্গাপুজোর (Durga Puja 2025) উদ্বোধন ছিল নির্ধারিত। কিন্তু শেষ মুহূর্তে সেই কর্মসূচি বাতিল হয়। প্রশ্ন উঠছে, কেন? যদিও সরকারি ভাবে বলা হয়েছে, “নিরাপত্তা সংক্রান্ত কারণে” অনুষ্ঠান বাতিল, তবে গেরুয়া শিবিরের অন্দরমহলে গুঞ্জন—এই পুজোর আয়োজক মৃণালকান্তি দাস ও রাহুল সিনহার মতো আদি বিজেপি নেতাদের নাম জড়িত বলেই সেখানে যাননি শাহ।

অন্যদিকে, উত্তর কলকাতার সন্তোষ মিত্র স্কোয়ারে শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে শাহ পুজো উদ্বোধন করলেও, সেখানে দেখা যায়নি তাঁর সফরসঙ্গী ও প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে। অথচ, সফরের প্রতিটি পর্যায়ে সুকান্ত থাকার কথা ছিল। দলীয় শৃঙ্খলা উপেক্ষা করে এভাবে পুজো উদ্বোধনে গোষ্ঠীগত বিভাজন কীভাবে প্রকাশ পাচ্ছে, তা নিয়ে মুখ খুলছেন অনেকেই।

শুধু তাই নয়, সল্টলেকের ইজেডসিসির মতো ‘দলীয় পুজোতেও’ শাহ সময় দিলেন মাত্র পাঁচ মিনিট, যেখানে মূলত নব্য গোষ্ঠীর নেতারাই সক্রিয়। এতে অনেকেরই ধারণা, শাহের সফর কোনও রাজনৈতিক বার্তা বহন করেনি বরং স্পষ্ট করল, নেতৃত্বের অভ্যন্তরীণ বিভক্তি এখন জনসমক্ষে।

 

আরও পড়ুন: Mamata Banerjee: “মৃত্যু নিয়ে রাজনীতি নয়, দায় এড়ানো নয় মানুষের পাশে আছি”, বিরোধীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

 

By Sk Rahul

Senior Editor of Newz24hours