পুজোর আনন্দের মাঝে হঠাৎ প্রকৃতির দুর্যোগ। প্রবল বর্ষণে কার্যত জলমগ্ন শহর কলকাতা (Kolkata)। সেই আবহেই সোমবার শহরের একাধিক দুর্গাপুজোর উদ্বোধনে গিয়ে তীব্র রাজনৈতিক বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৯ জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় যখন বিরোধীরা রাজনীতির ময়দানে ঝাঁপিয়ে পড়েছে, তখন মুখ্যমন্ত্রীর সাফ কথা, “আমরা মৃত্যু নিয়ে রাজনীতি করি না।”

বিরোধীদের কটাক্ষ করে তিনি বলেন, “মৃত্যু দুঃখজনক, দুর্ভাগ্যজনক। যারা এই দুর্ভাগ্যের মাঝেও রাজনৈতিক স্বার্থ খোঁজে, তারা যেন আয়নায় নিজেদের মুখ দেখে নেয়।” শহরের নাগরিকদের পাশে থাকার অঙ্গীকার করে তিনি জানান, “এই দুর্যোগেও আমরা হাত গুটিয়ে বসে থাকিনি। মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই অধিকাংশ এলাকায় জল বের করে ফেলা সম্ভব হয়েছে।”

তবে মুখ্যমন্ত্রী এখানেই থামেননি। নাম না করে সরাসরি দিল্লির শাসক দলের দিকে আঙুল তুলেছেন তিনি। তার অভিযোগ, “ডিভিসি, ফরাক্কা, বিহার সব জায়গা থেকে জল ছেড়ে দিলে বাংলা তো ডুববেই। গঙ্গার ড্রেজিং হয় না। ফরাক্কা ড্রেজিং করে না, কলকাতা পোর্ট করে না, ফলে জল নামার পথ বন্ধ। কেন্দ্র এ সব নিয়ে একবারও ভাবছে না।”

তিনি প্রশ্ন তোলেন, “জমা জল নিয়ে যারা আদালতে মামলা করেছে, তারা কি একবারও কেন্দ্রকে জিজ্ঞেস করেছে—কেন ড্রেজিং করা হয়নি? কেন গঙ্গার নাব্যতা বাড়ানো হয়নি?” উৎসবের দিনে তিনি বার্তা দেন, “রাজনীতি করতে হলে উন্নয়ন নিয়ে করুন, কিন্তু মানুষের মৃত্যু নিয়ে রাজনীতি ঘৃণ্য।” চতুর্থীর দিন আলিপুর বডিগার্ড লাইনস এবং সুরুচি সংঘের পুজো উদ্বোধন করে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিলেন,এই বাংলা শুধু প্রতিরোধ জানায় না, অন্যায়ের প্রতিবাদ করতেও জানে।

 

আরও পড়ুন: Firhad Hakim: ‘ব্যাকফ্লো’-এর দোহাই, মুখে নিয়ন্ত্রণের কথা, তবু অসহায় ফিরহাদ হাকিম!

By Sk Rahul

Senior Editor of Newz24hours