সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশনা অনুযায়ী অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন (SSC)। সাত দিনের মধ্যে অযোগ্যদের তালিকা প্রকাশের জন্য সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল। শুক্রবারই রাজ্য জানিয়ে দেয় যে, শনিবারই এই তালিকা প্রকাশ করা হবে। তাতে সঠিক সময়ে, শনিবার সন্ধ্যায় কমিশন অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করে। মোট ১,৮০৪ জনের নাম এতে অন্তর্ভুক্ত করা হয়েছে, এবং তালিকায় তাদের নাম, রোল নম্বর ও সিরিয়াল নম্বরও উল্লেখ করা হয়েছে। জানা গেছে, এই তালিকা প্রকাশের আগে কমিশনের কর্মকর্তারা একাধিক বৈঠক করেছেন। এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার উপস্থিত থেকে বৈঠকটি পরিচালনা করেন। এরপরেই তালিকা প্রকাশ করা হয়েছে।

সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী আগামী ৭ এবং ১৪ সেপ্টেম্বর শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই তালিকা তার আগেই প্রকাশ হওয়ায় বিশেষ গুরুত্ব পেয়েছে। উল্লেখযোগ্য যে, শুক্রবার শিক্ষক নিয়োগ সংক্রান্ত একটি মামলার শুনানি হয়েছিল। এই শুনানিতে বিচারপতি সঞ্জয়কুমার শর্মা ও বিচারপতি সতীশচন্দ্র শর্মা ছিলেন। এসএসসির আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee) জানান, ২০১৬ সালের এসএসসি প্যানেলের দাগী ১৯০০ জনের নামের তালিকা প্রকাশ করা হবে। তবে, যে তালিকা প্রকাশ করা হয়েছে, তাতে ১৮০৪ জনের নাম রয়েছে।

এছাড়া, তালিকার সঙ্গে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে এটিকে ‘প্রথম তালিকা’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর ফলে অনেকেই প্রশ্ন তুলছেন, ভবিষ্যতে আরও তালিকা প্রকাশ হতে পারে কিনা। তবে, এসএসসি-র পক্ষ থেকে এ বিষয়ে কোনো অফিসিয়াল বার্তা জানানো হয়নি। বিজ্ঞপ্তিতে স্পষ্ট বলা হয়েছে, এই তালিকা সুপ্রিম কোর্টের নির্দেশে প্রকাশ করা হয়েছে।

অন্যদিকে, শুক্রবারের শুনানিতে সুপ্রিম কোর্ট এসএসসিকে সতর্ক করে দেয় যে, নিয়োগ প্রক্রিয়ায় কোনও অযোগ্য প্রার্থী যাতে সুযোগ না পায়, সে বিষয়ে তারা নিশ্চিত ব্যবস্থা নেবে। এই প্রসঙ্গে এসএসসি জানিয়েছে যে, “অনলাইন আবেদন গ্রহণের সময় বাছাই করার সুযোগ ছিল না, কিন্তু আবেদন যাচাই করে দাগিদের বাদ দিয়েই অ্যাডমিট কার্ড বিতরণের কাজ চলছে।” তবে, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এদিন এই তালিকাকে ‘ভোগাস’ বলে দাবি করেছেন এবং বলেছেন, “এই তালিকা সম্পূর্ণ ভোগাস। মমতা বন্দ্যোপাধ্যায় চায় এই জটিলতা চলতে থাকুক।”

 

আরও পড়ুন: Amit Shah: ১০০ কোটির সম্পত্তি-ব্যাপার ঘিরে বিতর্ক, রাজ্যের শীর্ষ বিজেপি নেতার বিরুদ্ধে নালিশ পৌঁছল শাহ-নাড্ডার দরজায়

By Sk Rahul

Senior Editor of Newz24hours