পরিযায়ী শ্রমিকদের অবদানকে সম্মান জানাতে এক অভিনব পদক্ষেপ নিল পশ্চিমবঙ্গ সরকার। আসন্ন বিশ্বকর্মা পুজো উপলক্ষে ১৭ সেপ্টেম্বর রাজ্যে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) নিজে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন তাঁর সরকারি X (সাবেক টুইটার) হ্যান্ডেল থেকে।
সম্প্রতি ভিনরাজ্যে কাজ করতে যাওয়া বাংলা ভাষাভাষী পরিযায়ী শ্রমিকদের ওপর হেনস্তার অভিযোগ ঘিরে রাজ্য-রাজনীতিতে চাঞ্চল্য ছড়ায়। এই ঘটনার বিরুদ্ধে মুখ্যমন্ত্রী নিজে পথে নেমে প্রতিবাদ জানান। এরপরই শ্রমিকদের পুনর্বাসনের লক্ষ্যে চালু হয় ‘শ্রমশ্রী’ প্রকল্প। এই প্রকল্পের আওতায়, যারা অন্য রাজ্য থেকে ফিরে এসেছেন কিন্তু এখনও কাজ পাননি, তাঁদের প্রতি মাসে ৫,০০০ করে ভাতা দেবে রাজ্য সরকার। এ ছাড়া, স্বাস্থ্যসাথী-সহ অন্যান্য সরকারি পরিষেবাও থাকছে তাঁদের জন্য উন্মুক্ত।
এছাড়া, বর্তমানে জলপাইগুড়ি সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। সেখানে একাধিক জনকল্যাণমূলক কর্মসূচির ঘোষণা করা হয়। আলিপুরদুয়ারের লঙ্কাপাড়া চা বাগানের ১,১০৬টি পরিবারকে ‘চা সুন্দরী’ প্রকল্পে নির্মিত বাড়ির কাগজ হস্তান্তর করেন তিনি। একই প্রকল্পে জলপাইগুড়ি জেলায় ১,০৫৩টি ও আলিপুরদুয়ারে ২,৯৬৯টি বাড়ি তৈরি করা হয়েছে। আরও প্রায় ২২,০০০ বাড়ি নির্মাণের জন্য ‘চা সুন্দরী এক্সটেনশন’ প্রকল্পে আর্থিক সহায়তার ঘোষণা করা হয়।
চা বাগান শ্রমিকদের জন্য ২০ শতাংশ বোনাসও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। একইসঙ্গে লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, শিক্ষাশ্রী, রূপশ্রী, ঐক্যশ্রী, মেধাশ্রী-সহ রাজ্যের জনপ্রিয় প্রকল্পগুলির সুবিধা ১,৫৫,০০০ মানুষের হাতে তুলে দেওয়া হয় এই সফরে। ধর্মীয় পর্যটনকে গুরুত্ব দিয়ে দেবী চৌধুরানি থেকে জল্পেশ মন্দির পর্যন্ত একটি ‘ট্যুরিজম সার্কিট’ গড়ে তোলার ঘোষণাও দেন তিনি।