কসবার (Kasba) একটি নামী আইন কলেজে ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় মাত্র ৫৮ দিনের মধ্যেই চার্জশিট পেশ করল কলকাতা পুলিশ। শনিবার আলিপুর আদালতে (Alipore Court) পেশ করা হয়েছে ৬৫০ পাতার বিশদ চার্জশিট (Chargesheet), যার মধ্যে মূল অভিযুক্ত হিসেবে নাম রয়েছে কলেজ ছাত্র সংগঠনের প্রাক্তন নেতা মনোজিৎ মিশ্র-সহ আরও তিনজনের।
এই চারজনের বিরুদ্ধে ধর্ষণ, গণধর্ষণ, প্রাণনাশের হুমকি এবং তথ্যপ্রযুক্তি আইনের একাধিক ধারায় অভিযোগ আনা হয়েছে। চার্জশিটে উল্লেখ রয়েছে, তদন্তে পুলিশের পক্ষ থেকে ৮০ জন সাক্ষীর জবানবন্দি নেওয়া হয়েছে। পাশাপাশি, ডিএনএ টেস্ট এবং ফরেনসিক রিপোর্টও আদালতে পেশ করা হয়েছে।
ঘটনার সূত্রপাত জুন মাসের গোড়ায়, যখন এক ছাত্রী কলেজ ক্যাম্পাসের মধ্যেই গণধর্ষণের অভিযোগ তোলেন। অভিযোগ ওঠে, অভিযুক্তরা তাঁকে ভয় দেখিয়ে ও ব্ল্যাকমেল করে ভিডিও রেকর্ডিং করেছিল। মনোজিৎ মিশ্র ছাড়াও অভিযুক্তদের মধ্যে রয়েছে প্রমিত মুখোপাধ্যায়, জেব আহমেদ এবং কলেজের নিরাপত্তারক্ষী পিনাকি বন্দ্যোপাধ্যায়। ঘটনার পরই কলেজের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। একইসঙ্গে, শাসকদলের ছাত্র সংগঠনের সঙ্গে অভিযুক্তদের ঘনিষ্ঠতা নিয়েও শুরু হয় বিতর্ক। যদিও তৃণমূল (TMC) ছাত্র পরিষদের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় যে মনোজিৎ এখন আর সংগঠনের সদস্য নন এবং তাঁকে বহিষ্কারও করা হয়েছে।
পুলিশের তরফে জানানো হয়েছে, চার্জশিটের মধ্যে ১৭০ পাতার মূল বিবরণ ছাড়াও, যুক্ত রয়েছে নানা নথিপত্র, সাক্ষ্যপ্রমাণ এবং বৈজ্ঞানিক রিপোর্ট। ঘটনার দ্রুত তদন্ত এবং চার্জশিট পেশে কিছুটা স্বস্তিতে নির্যাতিতা এবং তার পরিবার। এদিকে ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতা রুখতে রাজ্য সরকার ‘অপরাজিতা বিল’ পাস করলেও, রাজ্যপালের সম্মতির অভাবে তা এখনও কার্যকর হয়নি। তবে আইন কার্যকর হলে ভবিষ্যতে এমন অপরাধের দ্রুত বিচার ও দোষীদের কঠোরতম শাস্তি হবে বলেই আশাবাদী সকলে।
আরও পড়ুন: Kolkata Metro: চালু হল নতুন মেট্রো পথ, দেখে নিন বিমানবন্দর (জয় হিন্দ) থেকে কোথায় গেলে কত ভাড়া!