বাদল অধিবেশনের শেষ দিনে এনডিএ-র শরিক দলগুলির সঙ্গে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi on Rahul Gandhi)। সেখানেই বিরোধীদের একযোগে আক্রমণ করে কংগ্রেস এবং বিশেষত রাহুল গান্ধীকে নিশানা করেন তিনি।

সূত্রের খবর অনুযায়ী, বৈঠকে প্রধানমন্ত্রী অভিযোগ করেন— বিরোধী শিবিরে বহু প্রতিভাবান ও যোগ্য নেতা থাকা সত্ত্বেও তাঁদের মেধা ও মত প্রকাশের সুযোগ দেওয়া হয় না। তাঁর দাবি, রাহুল গান্ধীর ব্যক্তিগত নিরাপত্তাহীনতা এবং গান্ধী পরিবারের প্রভাবেই অনেক নেতা কার্যত দমবন্ধ অবস্থায় রয়েছেন। প্রধানমন্ত্রী বলেন,-“বিরোধী দলগুলির মধ্যে অনেকেই নেতৃত্ব দেওয়ার যোগ্য। কিন্তু রাহুল গান্ধীর অনিশ্চয়তা ও ভয় তাঁদেরকে কণ্ঠরোধ করে রেখেছে।”

এর পাশাপাশি পরিবারতন্ত্রকেও কড়া আক্রমণ করেন মোদী। বৈঠকে কোনও বিরোধী সাংসদ উপস্থিত না থাকলেও বিরোধীদের ভূমিকা নিয়ে তিনি সরব হন। তাঁর অভিযোগ, গোটা বাদল অধিবেশন জুড়ে বিরোধীরা শুধু বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, দেশের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে গঠনমূলক আলোচনায় অংশ নেয়নি।

অন্যদিকে, প্রধানমন্ত্রী সংসদে পাস হওয়া একাধিক বিলকে ঐতিহাসিক বলে উল্লেখ করেন। বিশেষভাবে তিনি উল্লেখ করেন ‘দ্য প্রমোশন অ্যান্ড রেগুলেশন অব অনলাইন গেমিং বিল’-এর কথা। মোদীর মতে, এই বিল যুবসমাজকে রক্ষার ক্ষেত্রে যুগান্তকারী পদক্ষেপ। তাঁর দাবি, অনলাইন গেমস ও বেটিং অ্যাপের নেশা যুবসমাজকে আর্থিক ক্ষতি, মানসিক অবসাদ এমনকি আত্মহননের দিকেও ঠেলে দিচ্ছে। পরিবারগুলিও ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই এই আসক্তি রুখতে আইন অত্যন্ত জরুরি।

প্রধানমন্ত্রী স্পষ্ট করে জানান, এই নতুন আইনের মাধ্যমে অনলাইন বেটিং সংস্থা চালানো অপরাধ হিসেবে গণ্য হবে। তবে দেশীয় ও শিক্ষামূলক গেম অ্যাপকে উৎসাহ দেওয়ার পথও খুলে যাবে। তাঁর কথায়, “এই বিল কেবল আইন নয়, এটি এক সামাজিক সংস্কার। এর প্রভাব সুদূরপ্রসারী হবে এবং সাধারণ মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে।”

বিরোধীদের ব্যর্থতা ও পরিবারতন্ত্রকে নিশানা করার পাশাপাশি সংসদীয় সাফল্যের বার্তা দিয়ে কার্যত দ্বিমুখী ইঙ্গিত দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi on Rahul Gandhi)। তিনি ফের স্পষ্ট করলেন, আগামী দিনেও উন্নয়নমূলক কর্মসূচি ও সংস্কারের মাধ্যমেই এগোবে কেন্দ্রীয় সরকার।

 

আরো দেখুন:Bengal voter list irregularities:ভোটার তালিকা অনিয়ম কাণ্ডে নবান্নে ভূমিকম্প,চার আধিকারিক নিলম্বিত!