বকেয়া নিয়োগের দাবিতে আবারও রাজপথে তীব্র উত্তেজনা। ২০২২-এ টেট (TET) উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা মঙ্গলবার ‘কলকাতা চলো’ ডাক দিয়ে রাস্তায় নামতেই কার্যত থমকে গেল বিধাননগরের করুণাময়ী (Karunamoyee) মোড়। দ্রুত নিয়োগ ও ৫০ হাজার শূন্যপদে প্রাথমিক শিক্ষক নিয়োগের দাবিতে সকাল থেকেই জমায়েত শুরু হয়। কিন্তু শান্তিপূর্ণভাবে বিক্ষোভ শুরু হতেই নেমে আসে পুলিশের কঠোর পদক্ষেপ। করুণাময়ী মেট্রো স্টেশন থেকেই একের পর এক চাকরিপ্রার্থীকে আটক করতে থাকে পুলিশ। কেউ কেউ যদিও পুলিশের নজর এড়িয়ে পৌঁছে যান প্রাথমিক শিক্ষা পর্ষদের দফতরের সামনে। কিন্তু পরিস্থিতি মুহূর্তে উত্তপ্ত হয়ে ওঠে।
জমায়েত ঠেকাতে আগে থেকেই মোতায়েন ছিল বিশাল পুলিশবাহিনী। আন্দোলনকারীরা দাবি করেন, তাঁরা শান্তিপূর্ণ পদযাত্রা শুরু করতে চেয়েছিলেন। অথচ প্রশাসন কোনও কথা না শুনেই ধরপাকড় শুরু করে। ধস্তাধস্তি, চ্যাংদোলা করে তুলে দেওয়া হয় প্রিজন ভ্যানে। কিছু চাকরিপ্রার্থী (TET) রাস্তায় বসেই প্রতিবাদ জানান। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনতে পুলিশ কঠোর পদক্ষেপ নেয়, যা করুণাময়ী চত্বরে কার্যত রণক্ষেত্রের রূপ নেয়।
আন্দোলনকারীদের অভিযোগ, ২০২২ সালে টেট (TET) পাশ করেও তিন বছর ধরে তাঁরা নিয়োগের আশায় বসে রয়েছেন। রাজ্য প্রাথমিক শিক্ষা পর্ষদ কোনও সুনির্দিষ্ট পদক্ষেপ নেয়নি। তাঁদের হুঁশিয়ারি, মঙ্গলবারের মধ্যেই নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ না হলে বৃহত্তর আন্দোলনের পথে যাবেন তাঁরা। এদিকে আরেকপ্রান্তে, এখনও জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফল প্রকাশ না হওয়ায় ক্ষোভ উগরে দেয় বাম ছাত্র সংগঠন এসএফআই। বিকাশ ভবনের সামনে তাঁদের ডাকা বিক্ষোভেও উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। রাজ্যজুড়ে চাকরি ও শিক্ষার দাবিতে ক্রমেই বাড়ছে ছাত্র ও চাকরিপ্রার্থীদের প্রতিবাদের তীব্রতা। প্রশাসনের কড়া ভূমিকায় যতই দমন করার চেষ্টা হোক, আন্দোলন যে থামার নয় – তা স্পষ্ট করেই জানিয়ে দিলেন প্রতিবাদকারীরা।
আরও পড়ুন: Mamata Banerjee: পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়াল রাজ্য সরকার, মুখ্যমন্ত্রীর ঘোষণা ‘শ্রমশ্রী’ প্রকল্প