রাজারহাট নিউটাউনের হাতিয়ারা বড় বাগান সমিতির (Hatiara Boro Bagan Samiti Khuti Puja) উদ্যোগে জমকালো আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়ে গেল এবারের দুর্গোৎসবের প্রস্তুতি। শনিবার সকালে অনুষ্ঠিত হয় খুঁটি পূজা। আর সেই পূজার্চনার মধ্য দিয়েই যেন শুরু হয়ে গেল মায়ের আগমনী সুর। ঢাকের মৃদু তাল, শঙ্খধ্বনি আর ভক্তিমূলক মন্ত্রোচ্চারণে ভরে উঠেছিল পুজো প্রাঙ্গণ।

এবারের এই পুজো প্রবেশ করল তার ২৬তম বর্ষে। এত দীর্ঘ পথচলায় হাতিয়ারা বড় বাগান সমিতির দুর্গোৎসব (Hatiara Boro Bagan Samiti Khuti Puja) শুধুমাত্র উৎসবের আনন্দ নয়, সামাজিক দায়িত্ববোধের প্রতীক হিসেবেও পরিচিত হয়ে উঠেছে। উদ্যোক্তাদের দাবি, প্রতিবছরের মতো এবছরও দর্শনার্থীদের জন্য থাকছে একাধিক চমকপ্রদ আয়োজন। শিল্পীর হাতে গড়া মনোরম প্রতিমা, আকর্ষণীয় আলোকসজ্জা, থিমভিত্তিক মণ্ডপ সাজানো থেকে শুরু করে সাংস্কৃতিক অনুষ্ঠান— সব মিলিয়ে এই পুজো প্রত্যেক বছরই উত্তর ২৪ পরগনার অন্যতম দর্শনীয় আয়োজন হিসেবে পরিচিত।

তবে শুধু আড়ম্বরেই সীমাবদ্ধ নয় হাতিয়ারা বড় বাগান সমিতির দুর্গোৎসব। সামাজিক কাজেও নজর কাড়ছে এই আয়োজন। প্রতিবছরের মতোই এবছরও সমাজসেবামূলক উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। অসহায় ও দরিদ্র মানুষের হাতে দানসামগ্রী তুলে দেওয়া, শিক্ষার্থীদের সহায়তা প্রদান, এলাকার উন্নয়নমূলক কাজে এগিয়ে আসা— এসবই এই দুর্গোৎসবকে আলাদা মাত্রা দেয়। ফলে, পুজোর আনন্দের পাশাপাশি সমাজের প্রতি দায়বদ্ধতার বার্তাও ছড়িয়ে পড়ে।

এই খুঁটি পূজার আসরে উপস্থিত ছিলেন বিশিষ্টজনেরা। তাঁদের মধ্যে ছিলেন বিধাননগর পৌর নিগমের ১২ নম্বর ওয়ার্ডের প্রাক্তন পৌরপিতা আজিজুল হোসেন মন্ডল, ১২ নম্বর ওয়ার্ড সভাপতি তাপস চক্রবর্তী, ১১ নম্বর ওয়ার্ডের পৌরমাতা অনিতা বিশ্বাস, উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি তারক চক্রবর্তী সহ সমিতির সদস্য ও এলাকার অন্যান্য সমাজকর্মীরা। তাঁদের উপস্থিতিতে উৎসবের আবহ আরও জমে ওঠে।খুঁটি পূজার মধ্য দিয়েই এখন শুরু হয়েছে দুর্গোৎসবের দিন গোনা। সকাল থেকেই প্রাঙ্গণে জমেছিল উৎসবমুখর ভিড়। এলাকার ছোট-বড়, নারী-পুরুষ, সকলে মিলেই অংশ নেন এই শুভ সূচনায়। শঙ্খধ্বনি আর উলুধ্বনির সঙ্গে সঙ্গে ভক্তদের কণ্ঠে উচ্চারিত হয় মায়ের নাম।

উদ্যোক্তারা জানিয়েছেন, ২৬ বছরের এই পথচলায় এলাকার মানুষের অকুণ্ঠ সমর্থন ও ভালোবাসাই তাঁদের সবচেয়ে বড় প্রাপ্তি। তাই প্রতিবছর তাঁরা চেষ্টা করেন নতুন কিছু উপহার দিতে দর্শনার্থীদের। এবছরও তার ব্যতিক্রম হবে না।সব মিলিয়ে খুঁটি পূজার মধ্য দিয়ে হাতিয়ারা বড় বাগান সমিতির দুর্গোৎসব ইতিমধ্যেই রূপ নিয়েছে মহোৎসবে। উৎসবের সূচনা পর্ব থেকেই পুজো প্রাঙ্গণ জমে উঠেছে খুশির আবহে। এখন শুধু অপেক্ষা, মা আসবেন, পূজো শুরু হবে, আর ভরে উঠবে চারদিক দেবীর বরণে।
আরো দেখুন:Kaushik Ganguly: ‘ধূমকেতু’-র ঝড়ে মাতল টলি, তিন দিনেই বক্স অফিসে ৭ কোটি!