বাংলা ভাষা ও সংস্কৃতির উপর ক্রমাগত আঘাতের প্রতিবাদে ফের তীব্র অবস্থান নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ( Mamata Banerjee)। দিল্লি (Delhi) তথা বিজেপিশাসিত একাধিক রাজ্যে বাংলা ভাষায় কথা বলার কারণে বাঙালিদের হেনস্থা করা হচ্ছে বলে অভিযোগ তুলে মঙ্গলবার কলকাতার রাস্তায় বৃষ্টির মধ্যে মিছিল করলেন মুখ্যমন্ত্রী। তার পাশে ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ (Abhishek Banerjee) একাধিক নেতা-কর্মী।
মিছিল শেষে ডোরিনা ক্রসিংয়ে দাঁড়িয়ে মমতা স্পষ্ট ভাষায় বলেন, “আরও বাংলায় কথা বলব। ক্ষমতা থাকলে আমাকে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যান। আমি সেখানেও বাংলায়ই কথা বলব।” এই বক্তব্যের মাধ্যমে কেন্দ্রীয় বিজেপি সরকারকে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন তিনি।
মুখ্যমন্ত্রীর অভিযোগ, চলতি বছরের ফেব্রুয়ারিতে কেন্দ্র এক গোপনীয় বিজ্ঞপ্তি জারি করেছে, যাতে সন্দেহভাজন নাগরিকদের বিনা বিচারে এক মাস পর্যন্ত আটক রাখার সুযোগ রাখা হয়েছে। মমতার প্রশ্ন, “এটা কী? এ তো ইমার্জেন্সির থেকেও ভয়ঙ্কর! ইন্দিরা গান্ধীকে সুপার ইমার্জেন্সির নামে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন, অথচ আজ আপনারা যা করছেন তা তার চেয়েও ভয়াবহ।”
তিনি বলেন, “কেন্দ্র লুকিয়ে নাগরিকত্ব সংশ্লিষ্ট বিজ্ঞপ্তি জারি করেছে। আমরা সেই বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করব আদালতে। বাংলা ভাষায় কথা বলার অপরাধে কাউকে আটকানো হলে বাংলার মানুষই ভোটের মাধ্যমে বিজেপিকে রাজনৈতিক ডিটেনশন ক্যাম্পে পাঠাবে।” এর পাশাপাশি মমতা অভিযোগ করেন, বিহারে ৩০.৫ লক্ষ ভোট বাদ দিয়ে বিজেপি জিতেছে। মহারাষ্ট্র ও দিল্লিতেও একই কৌশল প্রয়োগ করে তারা ক্ষমতায় এসেছে। এখন সেই ষড়যন্ত্র বাংলাতেও চলছে।
তার হুঁশিয়ারি, “আমরা ইঞ্চিতে ইঞ্চিতে লড়ব। বিনা যুদ্ধে এক ইঞ্চি জমিও ছাড়ব না। বাংলা ভাষা, বাংলা সংস্কৃতি এবং বাঙালির আত্মসম্মানের লড়াইয়ে আমরা কোনও আপস করব না। বিজেপি তৈরি থাক, আবার খেলা হবে!”
আরও পড়ুন: Jahnvi Kapoor: টক্সিক পরিবার নিয়ে পোস্টে লাইক জাহ্নবীর, ইঙ্গিত কি সৎ ভাইবোনদের প্রতি?