আমির খান ও আশুতোষ গোয়ারীকর পরিচালিত বহু প্রতীক্ষিত ছবি ‘লালকারা’-তে বড় পরিবর্তন। ছবির গুরুত্বপূর্ণ একটি চরিত্রে আর অভিনয় করবেন না ফরহান আখতার। তাঁর পরিবর্তে সেই ভূমিকায় দেখা যাবে অভিনেতা সিদ্ধান্ত গুপ্তকে। তবে অভিনয় থেকে সরে দাঁড়ালেও ছবির সঙ্গে প্রযোজক হিসেবে যুক্ত থাকছেন ফরহান।
বলিউড সূত্রের খবর, এই সিদ্ধান্তের নেপথ্যে কোনও মতবিরোধ বা জটিলতা নেই। সঙ্গীত পরিচালক আরডি বর্মনের বায়োপিকের জন্য দীর্ঘ সময় ধরে প্রস্তুতি নিতে হচ্ছে ফরহানকে। অন্যদিকে ‘লালকারা’র জন্যও ক্রিকেট প্রশিক্ষণ এবং দীর্ঘ শুটিং সূচি ছিল। দুটি বড় প্রকল্পের সময় একসঙ্গে সামলানো সম্ভব না হওয়ায় শেষ পর্যন্ত তিনি এই ছবি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন।
ফরহানের পরিবর্তে ছবিতে যোগ দিয়েছেন সিদ্ধান্ত গুপ্ত। ‘ইনসাইড এজ’, ‘জুবিলি’ এবং ‘ব্ল্যাক ওয়ারেন্ট’-এর মতো সিরিজে অভিনয় করে পরিচিতি পাওয়া এই অভিনেতাকে ‘লালকারা’য় আমির খানের ঘনিষ্ঠ বন্ধুর চরিত্রে দেখা যাবে।
১৯৫২ সালের ভারত-পাকিস্তান টেস্ট সিরিজকে পটভূমি করে তৈরি হচ্ছে ‘লালকারা’। ছবিতে স্বাধীন ভারতের প্রথম টেস্ট অধিনায়ক লালা অমরনাথের চরিত্রে অভিনয় করছেন আমির খান। আগামী ১ অক্টোবর মুম্বইয়ে ছবির শুটিং শুরু হওয়ার কথা।
আরও পড়ুন: Recipe: বাড়িতে বানিয়ে নিন পনির মালাই
Image source-Google