নির্বাচনের দিন ঘোষণার পর থেকেই উত্তপ্ত বাংলা। আর এই বাংলায় ভোটের দিনক্ষণ স্থির হতেই শুরু খুনের রাজনীতি।পঞ্চায়েত নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমার প্রথম দিনেই মুর্শিদাবাদের (Murshidabad) খড়গ্রামে খুন হন কংগ্রেস কর্মী ফুলচাঁদ শেখ। বাড়ির সামনে বসে তাস খেলছিলেন ফুলচাঁদ, তখনই তাঁর মায়ের সামনে তাঁর মাথায় গুলি করে খুন করে দুষ্কৃতীরা। এরপর তৃণমূলের মদতেই এই খুন বলে অভিযোগ তোলে পরিবারের। তদন্তে নেমে এখনও পর্যন্ত খুনে অভিযুক্ত বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ।

যদিও, নির্বাচন শুরুর আগে কংগ্রেস কর্মীর এহেন মৃত্যুর ঘটনায় ক্ষোভ উগরে দিয়েছিলেন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী। কলকাতায় নির্বাচন কমিশনের দফতরে এই নিয়ে বিক্ষোভও প্রদর্শিত হয়েছিল। আর এবার সেই নিহত কর্মীর বাড়িতেই এলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এদিন রাজ্যপাল-কে পাশে পেয়ে সিবিআই তদন্তের দাবি জানান মৃত কংগ্রেস কর্মীর পরিবার।

মৃত কংগ্রেস কর্মীর পরিবারের অভিযোগ, খুনের ঘটনা ঘটার এক মাস পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত মূল অভিযুক্তরা ধরা পড়া তো দূর, উল্টে তাঁদের পরিবারের উপর চলছে লাগাতার হুমকি ও নির্যাতন। পুলিশি নিরাপত্তায় গলদ রয়েছে বলেও জানান তাঁরা। আর সে কারণেই খুনের ঘটনার সঠিক তদন্তের জন্য সিবিআই তদন্তের দাবি জানাচ্ছেন বলে রাজ্যপালকে জানান মৃত কংগ্রেস কর্মী ফুলচাঁদ শেখের পরিবার।

তবে, এই দাবি আদৌ বাস্তবায়িত হয় কিনা, তা সময়ে জানা যাবে।

 

আরো পড়ুন:Panchayat Election:রাত পোহালেই পঞ্চায়েত নির্বাচন!ব্যালট বক্স-সহ বুথমুখি ভোট কর্মীরা