এবার অবৈধ কাঠমিল চালানোর অভিযোগ উঠল বাঁকুড়া (Bankura) জেলা তৃণমূলের এক নেতার বিরুদ্ধে। যদিও অভিযুক্ত নেতার দাবি, দলেরই একাংশ তাঁর বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তুলছেন।
জানা গিয়েছে, তৃণমূলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলার কোষাধ্যক্ষ জয়ন্ত দাসের কাঠমিল রয়েছে বেলিয়াতোড়ের ফুলবাড়ি এলাকায়। ওই এলাকার বাসিন্দাদের একাংশ বাঁকুড়া উত্তর বন বিভাগে জয়ন্ত দাসের ওই কাঠমিলকে অবৈধ দাবি করে অভিযোগ জানান। অভিযোগকারীদের দাবি, রাতের অন্ধকারে সেখানে কাঠ পাচারও করা হয়।
তাঁর দাবি, ২০০৫ সাল থেকে ওই এলাকায় কাঠ মিল চালাচ্ছেন তিনি। প্রতি বছরই বন দফতরে নিয়ম মেনে মিলের লাইসেন্স নবীকরণ করান। অন্যের জমি দখল করে ব্যবসা করার অভিযোগও অস্বীকার করেছেন তিনি। পাশাপাশি তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রেক্ষিতে বন দফতর তদন্ত করতে চাইলে তিনি স্বাগত জানিয়েছেন।
জয়ন্ত বলেন, “ভিত্তিহীন অভিযোগ তোলা হচ্ছে আমার বিরুদ্ধে।” এই ঘটনার জন্য দলের গোষ্ঠীদ্বন্দ্বকে দায়ী করে তিনি বলেন, “দলেরই কিছু লোকজন বেলিয়াতোড় হাই স্কুলের জায়গা দখল করে ইট, বালি, সিমেন্ট, পাথরের ব্যবসা করছিলেন। আমি স্কুলের জায়গায় ব্যবসা করার বিরোধিতা করেছি। তাতেই ওঁরা আমার বদনাম করতে এ সব করছেন।”
যদিও, দলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে জয়ন্ত-র বিরুদ্ধে অভিযোগ উঠেছে, এই দাবি মানেননি বড়জোড়া ব্লক তৃণমূল সভাপতি কালীদাস মুখোপাধ্যায়।তিনি বলেন, “জয়ন্তর বিরুদ্ধে কোনও অভিযোগ উঠেছে বলে আমার জানা নেই। দলের কেউ ওঁর বিরুদ্ধে অভিযোগ তুলেছে বলেও শুনিনি। স্কুলের জমিতে এক ব্যক্তি নিজের বাড়ি নির্মাণের সামগ্রী সাময়িক ভাবে রেখেছিলেন। অনেক দিন আগেই ওই ব্যক্তি স্কুলের জায়গা ছেড়ে দিয়েছেন। এই ঘটনার সঙ্গে জয়ন্ত কেন দলকে জড়াচ্ছেন,বোঝা যাচ্ছে না।”
এখন এই ঘটনা আদতে কতটা সত্যি, তা তো বন দপ্তরের তদন্তের পরই জানা যাবে।
আরো পড়ুন:Purba Medinipur:সৎকাজ সম্পন্ন ময়নার মৃত বিজেপি নেতা বিজয় কৃষ্ণ ভূঁইয়া-র