‘মেয়ের চাকরি হয়েছে,আমাদেরও চাকরি চাই’, এই দাবি তুলে বিজেপি বিধায়কের দোকানে বিক্ষোভ দেখাল তৃণমূল কংগ্রেস।নদিয়া জেলার কল্যাণীর এইমস হাসপাতালে বিধায়ক কন্যা ও পুত্রবধূর চাকরি নিয়ে রীতিমত সরগরম রাজ্য রাজনীতি। এমনকি এই ঘটনায় সিআইডি তদন্তও শুরু হয়েছে। এই অবস্থায় সোমবার বাঁকুড়ার(Bankura) বিজেপি বিধায়ক নিলাদ্রী শেখর দানার দোকানের সামনে বিক্ষোভ দেখাল তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি।

 

তাঁদের দাবি, ‘সাংসদের সুপারিশে বিধায়কের মেয়ের চাকরি হয়েছে। তাই আমাদেরও চাকরি দিতে হবে।’ এদিন সকালে নিলাদ্রীবাবু যখন নিজের দোকানে বসেছিলেন তখনই আইএনটিটিইউসি-র বাঁকুড়া শহর সভাপতি শ্যামসুন্দর দত্তর নেতৃত্বে আইএনটিটিইউসি-র একদল কর্মী দোকানের সামনে গিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন।

 

বিধায়কের সামনেই বিক্ষোভকারীরা শ্লোগান তোলেন, ‘চাকরি চাই, চাকরি দাও’। এই শ্লোগান তোলার পাশাপাশি বিধায়ক নিলাদ্রী শেখর দানা ও সাংসদ সুভাষ সরকারকে গ্রেফতারের দাবি জানাতে থাকেন।এই প্রসঙ্গে সংবাদমাধ্যমের সম্মুখীন হয়ে বিধায়ক জানান, ‘আমাকে প্রতিদিন বিক্ষোভ দেখাক তৃণমূল। আমি বিক্ষোভকারীদের চা জল খাওয়াব। কোনও নেতা মন্ত্রীর সুপারিশে আমার মেয়ে চাকরী পায়নি। সে নিজের যোগ্যতায় একটি বেসরকারি সংস্থায় অস্থায়ী চাকরি পেয়েছে। আগামীতে সেই সৌভাগ্য হলে এমন চাকরি শুধু ঘরে ঘরে নয় যারা আজ আমাকে বিক্ষোভ দেখাচ্ছে তাদেরও ডেকে ডেকে এনে এমন চাকরি দেব। সুযোগ হলে যোগ্যতা যাচাই করে বিক্ষোভকারীদেরও চাকরি দেব।’