রাজ্যে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা (JP Nadda)। মঙ্গলবার রাতে কলকাতায় আসছেন জে পি নাড্ডা। বুধবার বিজেপির রাজ্য কার্যনির্বাহী কমিটির বৈঠক। বৃহস্পতিবার জেলা ও মণ্ডল সভাপতিদের সঙ্গে বৈঠক করবেন নাড্ডা।
গতমাসে ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং তৃণমূলে যোগ দেওয়ার পরই বঙ্গ বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বকে অনুরোধ করেছিল, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কিংবা দলীয় সভাপতি জেপি নাড্ডাকে (JP Nadda) বাংলায় পাঠাতে।কিন্তু কিছুদিনের মধ্যেই সংসদের বাদল অধিবেশন বসবে। অমিত শাহ সংসদের প্রস্তুতি নিয়ে ব্যস্ত। তাছাড়া কাশ্মীর নিয়েও তাঁর ব্যস্ততা বেড়ে গিয়েছে। তাই নাড্ডা আসছেন।অর্জুনের আগে দল ও সংসদ পদ ছেড়েছেন বাবুল সুপ্রিয়। তৃণমূলে গিয়েছেন বিজেপির প্রথমসারির নেতা জয়প্রকাশ মজুমদারও।তাই ভাঙন ঠেকাতে এবার বাংলায় আসছেন নাড্ডা।
বঙ্গ বিজেপি সূত্রে খবর, ৭ জুন সন্ধেবেলা কলকাতায় আসবেন তিনি। ৮ এবং ৯ জুন রাজ্য থাকবেন। ৮ জুন সকালে বঙ্কিমচন্দ্র ও রাসবিহারী বসুর বাড়িতে যাবেন জে পি নাড্ডা। তারপর ন্যাশানাল লাইব্রেরিতে বিজেপির কার্যকারিণী বৈঠক রয়েছে। এই বৈঠকে বিজেপির রাজ্যকমিটির সকল সদস্যদের আমন্ত্রণ করা হয়েছে। ৯ জুন বিজেপির ৪২ টি সাংগঠনিক জেলার সমস্ত মন্ডল সভাপতিদের তলব করা হয়েছে। সায়েন্স সিটিতে দুপুর ২ টোয় এই সভায় বক্তব্য রাখবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি।সোমবারই দিল্লি থেকে জেপি নাড্ডার (JP Nadda) দুই দিনের চুড়ান্ত সফর সূচি রাজ্য নেতৃত্বকে জানান হয়েছে।রাজ্য সফরে এসে বিজেপি নেতাকর্মীদের উদ্দেশে নাড্ডা কী বার্তা দেন, সেটাই এখন দেখার।
আরো পড়ুন:TMC : তৃণমূলে যোগদানের জন্য প্রলোভন, দাবি বিজেপি সাংসদ খগেন মুর্মুর