সুস্বাদু রান্নার আসল রহস্য শুধু ভালো উপকরণ বা নিখুঁত মশলার মিশ্রণে লুকিয়ে থাকে না। অনেক সময় রান্নার শেষ মুহূর্তে কয়েকটি ছোট্ট কৌশলই খাবারের স্বাদ ও গন্ধকে সম্পূর্ণ বদলে দিতে পারে। তাই পেশাদার রন্ধনশিল্পীরাও রান্না পরিবেশনের আগে কিছু বিশেষ পদ্ধতি (Cooking Tips) অনুসরণ করেন, যা সাধারণ রান্নাকেও করে তোলে আরও আকর্ষণীয়।
আরও পড়ুন:PCOS: ভাগ্যশ্রীর ঘরোয়া টোটকায় মিলবে পিসিওএসের সমাধান? জানুন চিকিৎসাবিজ্ঞানের মত
অনেকেই রান্না নামানোর আগে কুচোনো ধনেপাতা, পুদিনাপাতা বা কারিপাতা ছড়িয়ে দেন। আবার মাছ, মাংস বা ডালের পদে টাটকা লেবুর রস মিশিয়েও স্বাদ বাড়ানোর চেষ্টা করেন। তবে বিশেষজ্ঞদের মতে, এই উপকরণগুলি ব্যবহারেরও কিছু নির্দিষ্ট কৌশল রয়েছে। সেগুলি মেনে চললে খাবারের সুবাস ও স্বাদ আরও বেশি ফুটে ওঠে।
১. শুধু কুচিয়ে নয়, হালকা থেঁতো করে ব্যবহার করুন পাতা
ধনেপাতা, পুদিনাপাতা বা তুলসীপাতার আসল সুগন্ধ লুকিয়ে থাকে পাতার কোষের ভিতরে। তাই শুধু কুচিয়ে রান্নায় মেশানোর বদলে হাত বা শিলনোড়ায় সামান্য থেঁতো করে নিলে সেই সুগন্ধ দ্রুত বেরিয়ে আসে। অনেক শেফ আবার এর সঙ্গে এক চিমটি নুন মিশিয়ে পাতাগুলি হালকা চটকে নেন। এতে পাতার প্রাকৃতিক তেল আরও ভালোভাবে বেরিয়ে এসে রান্নার স্বাদ ও গন্ধ বাড়িয়ে দেয়।
২. আচারের তেলও হতে পারে স্বাদের গোপন অস্ত্র
আচারের তেল শুধু মুড়ি বা পরোটার সঙ্গেই নয়, বিভিন্ন রান্নাতেও ব্যবহার করা যেতে পারে। সবজি, মাংস কিংবা কাবাব তৈরির সময় শেষ ধাপে সামান্য আচারের তেল মিশিয়ে দিলে খাবারে আলাদা এক ধরনের ঝাঁঝালো সুবাস তৈরি হয়। বিশেষ করে গ্রিল বা রোস্ট জাতীয় পদে এই কৌশল স্বাদকে আরও সমৃদ্ধ করে।
৩. লেবুর রসের বদলে ব্যবহার করুন খোসা
অনেকেই রান্না শেষে লেবুর রস ছড়িয়ে দেন। তবে রন্ধন বিশেষজ্ঞদের মতে, লেবুর সবচেয়ে বেশি সুগন্ধ থাকে তার খোসায়। তাই মাছ বা মাংসের রান্নায় সামান্য কুরিয়ে নেওয়া লেবুর খোসা কিংবা রান্নার একেবারে শেষে খোসাসহ লেবুর টুকরো কয়েক মিনিট রেখে দিলে খাবারে আরও তাজা ও মনোরম সুবাস আসে। এতে লেবুর স্বাদও বেশি ভারসাম্যপূর্ণ থাকে।
রান্নার এই ছোট ছোট কৌশলগুলি (Cooking Tips) অনুসরণ করতে অতিরিক্ত সময় বা খরচের প্রয়োজন হয় না। অথচ এগুলির সাহায্যে প্রতিদিনের সাধারণ রান্নাও সহজেই রেস্তোরাঁর খাবারের মতো সুগন্ধি ও সুস্বাদু হয়ে উঠতে পারে।
Image source-Google