৫৫তম জন্মদিনে অনুরাগীদের ভালোবাসায় আপ্লুত হয়ে আবেগঘন পোস্ট করলেন প্রীতম চক্রবর্তী (Pritam Chakraborty)। ‘নতুন সফর’-এর কথা উল্লেখ করতেই শুরু হয়েছে জল্পনা— তবে কি বলিউডের মূলধারার সঙ্গীত থেকে সরে দাঁড়ানোর প্রস্তুতি নিচ্ছেন তিনি?

 

বলিউডের জনপ্রিয় সুরকারদের তালিকায় প্রথম সারিতেই নাম আসে প্রীতম চক্রবর্তীর। প্রায় দুই দশকেরও বেশি সময় ধরে তাঁর সুরে তৈরি হয়েছে অসংখ্য সুপারহিট গান। সম্প্রতি ৫৫তম জন্মদিন উদ্‌যাপন করেছেন এই খ্যাতনামী সঙ্গীত পরিচালক। জন্মদিন উপলক্ষে দেশ-বিদেশের অসংখ্য অনুরাগী, সহকর্মী এবং শুভানুধ্যায়ীর শুভেচ্ছায় ভেসেছেন তিনি। সেই ভালোবাসার জবাব দিতে গিয়ে সমাজমাধ্যমে এমন একটি পোস্ট করেন, যা ঘিরে শুরু হয়েছে জোর জল্পনা।

 

পোস্টে প্রীতম (Pritam Chakraborty) লেখেন, প্রত্যেককে আলাদা করে ধন্যবাদ জানানো সম্ভব না হলেও সকলের ভালোবাসা তাঁকে গভীরভাবে স্পর্শ করেছে। একই সঙ্গে তিনি জানান, জীবনের ব্যস্ততার মাঝেও নিজেকে সময় দেওয়ার প্রয়োজন রয়েছে। তাই এই জন্মদিনে নিজেকেই বিশেষ একটি উপহার দিতে চান তিনি।

 

সুরকারের কথায়, তিনি অনেক দিন ধরেই নতুন কোনও সিদ্ধান্ত নেওয়ার কথা ভাবছিলেন। মূলধারার পরিচিত পথের বাইরে বেরিয়ে অজানা কোনও যাত্রায় পা রাখার ইচ্ছার কথাও উল্লেখ করেন তিনি। তাঁর এই মন্তব্যই নতুন করে প্রশ্ন তুলেছে— তবে কি প্রীতমও সঙ্গীতজীবনের এক নতুন অধ্যায়ে প্রবেশ করতে চলেছেন?

 

এই জল্পনার অন্যতম কারণ অরিজিৎ সিংহের সঙ্গে তাঁর দীর্ঘদিনের পেশাগত সম্পর্ক। প্রীতমের সুরেই বলিউডে প্রথম বড় সুযোগ পেয়েছিলেন অরিজিৎ। এরপর এই গায়ক-সুরকার জুটি উপহার দিয়েছে একের পর এক জনপ্রিয় গান। চলতি বছরের শুরুতে অরিজিৎ প্লেব্যাক গানের জগৎ থেকে সরে দাঁড়ানোর ইচ্ছার কথা জানিয়েছিলেন। সেই সময় প্রীতমও মজার ছলে বলেছিলেন, তিনিও নাকি অবসরের কথা ভেবেছেন। এমনকি একসঙ্গে জিয়াগঞ্জ ও তারাপীঠে ঘুরতে যাওয়ার পরিকল্পনার কথাও তুলে ধরেছিলেন তিনি।

 

ফলে জন্মদিনের পোস্টে ‘নতুন সফর’-এর উল্লেখ করতেই অনুরাগীদের একাংশ মনে করছেন, হয়তো বড় কোনও পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছেন প্রীতম। যদিও তিনি কোথাও সরাসরি অবসর নেওয়ার কথা বলেননি।

 

উল্লেখ্য, সম্প্রতি মুক্তি পাওয়া ‘ককটেল ২’ ছবির একটি গান নিয়েও বিতর্কে জড়িয়েছিলেন এই সুরকার। সুর নকলের অভিযোগ উঠলেও তা খারিজ করে দিয়েছেন তিনি। সমালোচনা, বিতর্ক কিংবা অভিযোগ— কোনও কিছুই তাঁকে সঙ্গীতচর্চা থেকে দূরে সরাতে পারেনি। বরাবরের মতোই নিজের কাজকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন প্রীতম।

 

এখন দেখার, তাঁর এই ‘নতুন সফর’ আদৌ অবসরের পথে হাঁটার ইঙ্গিত, নাকি সঙ্গীতপ্রেমীদের জন্য আরও এক নতুন চমক অপেক্ষা করছে।

আরও পড়ুন: Veg Recipe: বাড়িতে বানিয়ে নিন সুস্বাদু এঁচোড়-পোস্ত

Image source-Google

By Torsha