ছোটপর্দা থেকে ওটিটি— অভিনয়ের নানা মাধ্যমে নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন Mona Singh। তবু বড় বাজেটের মূলধারার ছবিতে তাঁকে খুব কমই দেখা যায়। কেন ১০০ কোটির ছবির নায়িকা হিসাবে তাঁকে ভাবা হয় না? সম্প্রতি সেই প্রশ্নেরই স্পষ্ট উত্তর দিলেন অভিনেত্রী।
বলিউডে বহু বছর কাজ করলেও মোনা মূলত চরিত্রাভিনেত্রী হিসাবেই বেশি পরিচিত। শাহরুখ খানের ‘জওয়ান’-এ তাঁর অভিনয় প্রশংসিত হয়েছিল। পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মেও একের পর এক গুরুত্বপূর্ণ চরিত্রে নজর কেড়েছেন তিনি। তবু বড় পর্দায় কেন্দ্রীয় চরিত্রে তাঁকে খুব একটা দেখা যায় না— এই আক্ষেপ থেকেই প্রশ্ন উঠছে বারবার।
মোনার বক্তব্য, প্রযোজকেরা অভিনেতাদের অনেক সময় “বিমাপত্র” হিসেবে দেখেন। অর্থাৎ যাঁদের নামেই ছবিতে বিনিয়োগ করা টাকা নিশ্চিত ভাবে উঠে আসবে, তাঁদের উপরেই ভরসা রাখতে চান তাঁরা। তাঁর কথায়, “আপনি যদি ১০০ কোটির ছবির পোস্টারে আমার নাম দেখার আশা করেন, সেটা আমিও এখনও ভাবি না হবে বলে।” অভিনেত্রীর দাবি, বক্স অফিসে দর্শক টানার ক্ষমতা— এই মাপকাঠিই প্রযোজকদের প্রধান চিন্তা। আর সেই তালিকায় তিনি পড়েন কি না, তা নিয়েই তাঁর সংশয়।
তবে কাজের ক্ষেত্রে কোনও আপস করতে চান না মোনা। তিনি বরাবরই চ্যালেঞ্জিং ও ভিন্ন স্বাদের চরিত্রে অভিনয় করতে পছন্দ করেন। মূলধারার নায়িকার ছাঁচে নিজেকে গড়ে তোলার চেয়ে গল্প ও চরিত্রের গভীরতাকেই বেশি গুরুত্ব দেন।
কিছু বছর আগে অভিনয় থেকে বিরতিও নিয়েছিলেন তিনি। সেই সময়টাতেই ব্যক্তিগত সিদ্ধান্ত হিসেবে ডিম্বাণু সংরক্ষণ করেন। এক স্ত্রীরোগ বিশেষজ্ঞের পরামর্শেই এই পদক্ষেপ নেন বলে জানান মোনা। যদিও পুরো প্রক্রিয়াটি সহজ ছিল না, বরং শারীরিক ও মানসিক ভাবে চ্যালেঞ্জিং— সে কথাও অকপটে স্বীকার করেছেন তিনি।
এই মুহূর্তে ওটিটি এবং নির্বাচিত কিছু ছবিতে কাজ করছেন মোনা। বড় বাজেটের নায়িকা না হলেও, শক্তিশালী চরিত্রাভিনেত্রী হিসেবে নিজের অবস্থান তৈরি করেছেন তিনি। তাঁর স্পষ্ট বক্তব্য— জনপ্রিয়তার মাপকাঠি আলাদা হতে পারে, কিন্তু অভিনয়ের প্রতি দায়বদ্ধতা এবং কাজের প্রতি সততা কখনও বদলায় না।
বলিউডে নায়িকার সংজ্ঞা যে ধীরে ধীরে বদলাচ্ছে, সে কথাও মনে করিয়ে দেন মোনা। হয়তো একদিন প্রযোজকদের ভাবনাতেও বদল আসবে। কিন্তু তত দিন পর্যন্ত নিজের শর্তে, নিজের গতিতে এগিয়ে যেতে চান তিনি।
আরও পড়ুন: Spinach: রোজ পালংশাক খেলেও পুষ্টি পাচ্ছেন না? রান্নার আগে এই ছোট্ট ধাপটি ভুলে যাচ্ছেন না তো!
Image source-Google