ছোটপর্দা থেকে বড়পর্দা— দুই মাধ্যমেই দীর্ঘদিন ধরে কাজ করে চলেছেন অভিনেত্রী সোনালি চৌধুরী। বর্তমানে দর্শক তাঁকে দেখছেন ধারাবাহিক ‘ও মোর দরদিয়া’-তে। কুড়ি বছরেরও বেশি সময় ধরে অভিনয়জগতে সক্রিয় তিনি। এত দীর্ঘ পথচলায় তাঁর মনে কোনও আক্ষেপ আছে কি?
সোনালির কথায়, ছোটপর্দা ও বড়পর্দার বিভাজনে তিনি বিশ্বাসী নন। তিনি বলেন, ছোটপর্দাই তাঁকে পরিচিতি ও স্থায়িত্ব দিয়েছে। একজন অভিনেত্রী হিসেবে নানা ধরনের চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়েছেন বলেই নিজেকে তৃপ্ত মনে করেন। তবে এটাও স্বীকার করেন, বড়পর্দায় আরও কিছু কাজ করার সুযোগ পেলে ভাল লাগত।
অভিনয়জীবনের শুরুতে তাঁর প্রত্যাশা ছিল অনেক বেশি। তিনি ভেবেছিলেন, আরও বেশি কাজ করবেন। কিন্তু সময়ের সঙ্গে বুঝেছেন, ইন্ডাস্ট্রিতে এত বছর ধরে টিকে থাকাটাই বড় প্রাপ্তি। বিশেষ করে যখন পরিবারের কেউই অভিনয় জগতের সঙ্গে যুক্ত ছিলেন না, তখন নিজের চেষ্টায় জায়গা করে নেওয়া সহজ ছিল না।
তাঁর কথায়, ফিরে তাকালে হতাশার চেয়ে কৃতজ্ঞতাই বেশি কাজ করে। কারণ, নিয়মিত কাজ করতে পারা এবং দর্শকের ভালবাসা পাওয়া— এটাই তাঁর কাছে সবচেয়ে বড় সাফল্য। সম্প্রতি মুক্তি পেয়েছে তাঁর নতুন ছবি ‘খাঁচা’। ভবিষ্যতে বড়পর্দায় আরও কিছু উল্লেখযোগ্য কাজ করতে পারলে অভিনেত্রী হিসেবে নিজের যাত্রাকে সম্পূর্ণ মনে করবেন বলেও জানান তিনি।
আরও পড়ুন: Curd: দইয়ের সঙ্গে মেশান এই একটি উপাদান, স্বাদ বাড়ার পাশাপাশি উপকার পাবে অন্ত্রের ভাল ব্যাক্টেরিয়াও
Image source-Google