এই প্রজন্মের অভিনেত্রী হয়েও কোয়েল মল্লিক বরাবরই আলাদা। তাঁর ভাবনা, জীবনদর্শন এবং কাজের প্রতি দৃষ্টিভঙ্গি তাঁকে সমসাময়িকদের থেকে পৃথক করে তোলে। বিনোদন জগতের সঙ্গে যুক্ত থাকলেও সোশ্যাল মিডিয়ায় তিনি খুব একটা সক্রিয় নন। কাজের ফাঁকে সময় পেলেই পরিবার—স্বামী ও সন্তানদের সঙ্গেই সময় কাটাতে ভালোবাসেন অভিনেত্রী।

 

বর্তমানে সোশ্যাল মিডিয়ায় বহু তারকাই নিয়মিত ভ্লগিং করেন এবং প্রায় সারাক্ষণ অনলাইনেই উপস্থিত থাকেন। এই প্রবণতা নিয়ে নিজের মতামত জানাতে গিয়ে কোয়েল বলেন, তাঁর মনে হয় এই অভ্যাস অনেক সময় একাকীত্ব থেকেই জন্ম নেয়। যাঁরা ব্যক্তিগত জীবনে নিঃসঙ্গতা অনুভব করেন, তাঁরাই অনেক ক্ষেত্রে নিজের জীবনের প্রতিটি মুহূর্ত সকলের সামনে তুলে ধরতে চান। কাছের মানুষদের সঙ্গে যেসব কথা ভাগ করা সম্ভব হয় না, সেগুলিই হয়তো অচেনা মানুষের সামনে প্রকাশ করেন তাঁরা।

 

নেতিবাচক মন্তব্য প্রসঙ্গে আনন্দবাজার অনলাইনকে দেওয়া এক সাক্ষাৎকারে কোয়েল জানান, অনেকেই ইচ্ছাকৃতভাবেই খারাপ মন্তব্য করেন শুধুমাত্র নজর কাড়ার জন্য। ভালো কথা বললে তেমন দৃষ্টি আকর্ষণ হয় না বলে অনেকে মনে করেন, কিন্তু নেতিবাচক মন্তব্য করলে সহজেই সবার দৃষ্টি নিজের দিকে টানা যায়—এই মনোভাব থেকেই এমন আচরণ করেন অনেকেই।

 

তবে সোশ্যাল মিডিয়ায় কম সক্রিয় থাকার কারণেই এসব নেতিবাচক মন্তব্য কোয়েলকে খুব একটা প্রভাবিত করতে পারে না। বাস্তবেও তাঁকে নিয়ে কটূক্তি করা মানুষের সংখ্যা নিতান্তই কম। তাঁর ব্যক্তিত্ব ও আচরণ এমনই যে, ভিন্ন মতের মানুষ কিংবা অন্য অভিনেতা-অভিনেত্রীর অনুরাগীরাও কোয়েলের গুণের প্রশংসা করতে পিছপা হন না।

 

উল্লেখ্য, সম্প্রতি মুক্তি পেয়েছে কোয়েল অভিনীত ছবি ‘মিতিন মাসি: একটি খুনির সন্ধানে’। দীর্ঘ বিরতির পর ‘স্বার্থপর’-এর মতো পারিবারিক ছবিতে অভিনয় করে যেমন তিনি নিজের দক্ষতা প্রমাণ করেছেন, তেমনই গোয়েন্দা চরিত্রে অভিনয় করে আবারও দেখিয়ে দিয়েছেন, অভিনয়ের কোনও দিকেই তিনি পিছিয়ে নন।

By Torsha