ছোটপর্দার জনপ্রিয় ধারাবাহিক ‘গৃহপ্রবেশ’-এ এসেছে বড় বদল। কাহিনিতে দেখানো হচ্ছে ২০ বছরের সময় এগিয়ে যাওয়া। এই সময়পর্বে শুভলক্ষ্মী ও আদৃতের জীবনে এসেছে এক নতুন মোড়। মেয়েকে ফিরে পাওয়ার আশায় এখনও ঈশ্বরের কাছে প্রার্থনা করেন শুভলক্ষ্মী। নতুন চিত্রনাট্য অনুযায়ী, এবার মায়ের চরিত্রে দেখা যাবে ঊষসী রায়কে (Ushashi Ray), আর তাঁর মেয়ের ভূমিকায় অভিনয় করছেন স্বপ্নিলা চক্রবর্তী।

 

সাধারণত নায়িকারা মায়ের চরিত্রে অভিনয় করতে দ্বিধায় থাকেন। তবে এই প্রসঙ্গে ঊষসীর (Ushashi Ray) মত, ধারাবাহিকের ক্ষেত্রে অতটা হিসেব কষে চলা সম্ভব নয়। অভিনেত্রী বলেন, “প্রতিদিন গল্পে পরিবর্তন আসে। অনেক সময় শুটিংয়ের মুহূর্তেও জানা থাকে না পরের দৃশ্যে কী রয়েছে। তাই প্রতি মুহূর্তটাই চ্যালেঞ্জের, কোনও চরিত্রকে আলাদা ভাবে বিচার করি না।”

 

অন্যদিকে, দর্শক স্বপ্নিলাকে আগেও দেখেছেন ‘মিঠিঝোরা’ ধারাবাহিকে। তাঁর অভিনীত ‘স্রোত’ চরিত্রটি এখনও আলোচনায়। নতুন চরিত্র প্রসঙ্গে স্বপ্নিলা জানান, এই ভূমিকায় একাধিক স্তর রয়েছে, যা তাঁকে আকৃষ্ট করেছে। চরিত্রের সঙ্গে সঙ্গে তাঁর লুকেও এসেছে বড় পরিবর্তন—কেশসজ্জা থেকে পোশাক, সব কিছুই আগের থেকে আলাদা। নতুন চরিত্র ও লুক পেয়ে তিনি যথেষ্ট উচ্ছ্বসিত বলেই জানান অভিনেত্রী।

 

By Torsha