দীর্ঘ দিনের প্রেমের সম্পর্কের পর চিত্রনাট্যকার রাহুল মোদীর সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছেন অভিনেত্রী শ্রদ্ধা কপূর—এমনই জল্পনা এখন বলিউডে। শোনা যাচ্ছে, আগামী ফেব্রুয়ারিতে রাজস্থানের উদয়পুরে ঘরোয়া আয়োজনে হতে পারে এই বিয়ে। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক ঘোষণা করেননি শ্রদ্ধা বা তাঁর পরিবার।
উল্লেখ্য, ফেব্রুয়ারিতে উদয়পুরে আরও এক বলিউডি বিয়ের আয়োজন হওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে। সেই শহরেই নাকি বসতে চলেছে শ্রদ্ধা ও রাহুলের বিয়ের আসর। অভিনেত্রীর বিয়ে নিয়ে সমাজমাধ্যমে আলোচনা শুরু হতেই বিষয়টি নজরে আসে তাঁর দাদা সিদ্ধান্ত কপূরেরও। শ্রদ্ধার বিয়ে সংক্রান্ত একটি পোস্টে মন্তব্য করে তিনি লেখেন, “এটা তো আমার কাছেও একেবারে নতুন খবর!”—সঙ্গে অবাক ও হাসির ইমোজি। সিদ্ধান্তের এই মন্তব্য মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়।
শ্রদ্ধার সম্ভাব্য বিয়ের খবরে অনুরাগীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। কেউ কেউ হতাশ হলেও, অনেকেই অভিনেত্রীকে জীবনের নতুন অধ্যায়ের জন্য শুভেচ্ছা জানিয়েছেন। এক নেটিজেন মন্তব্য করেন, “আশা করি, এ বার আর কোনও গুজব থাকবে না।”
এর আগেও বহুবার শ্রদ্ধা কপূরের বিয়ে নিয়ে গুঞ্জন শোনা গিয়েছে। অভিনয়ের পাশাপাশি নিজের গয়নার ব্যবসাও রয়েছে তাঁর। অতীতে তাঁর নাম জড়িয়েছে আদিত্য রায় কপূর ও পরিচালক ফারহান আখতারের সঙ্গে। শোনা যায়, ফারহানের সঙ্গে সম্পর্ক নিয়ে পরিবারের আপত্তির কারণেই সেই সম্পর্ক ভেঙে যায়।
তবে রাহুল মোদীর সঙ্গে সম্পর্ক নিয়ে তেমন কোনও বিতর্ক শোনা যায়নি। সম্প্রতি এক অনুরাগীর প্রশ্নের উত্তরে শ্রদ্ধা নিজেই জানিয়েছিলেন, তিনি অবশ্যই বিয়ে করবেন। যদিও কবে এবং কাকে নিয়ে—সে বিষয়ে এখনও স্পষ্ট করে কিছু বলেননি অভিনেত্রী।
আরও পড়ুন: Recipe: বছরের শুরুতে বানিয়ে নিন সয়াবিনের এই রিসিপিগুলি
Image source-Google