ইডির অভিযানের প্রতিবাদে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী শুক্রবার দুপুরে যাদবপুর ৮বি মোড় থেকে মিছিল শুরু করল তৃণমূল কংগ্রেস। মিছিলের নেতৃত্বে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। যাদবপুর ৮বি বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে টালিগঞ্জ, গড়িয়াহাট ও রাসবিহারী হয়ে হাজরা পর্যন্ত যাওয়ার কথা এই মিছিলের। হাজরায় গিয়ে মিছিল শেষে একটি সংক্ষিপ্ত জনসভারও আয়োজন করা হয়।
মিছিলের সূচনাতেই কেন্দ্রীয় সংস্থার ভূমিকার বিরুদ্ধে তীব্র ভাষায় আক্রমণ শানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “রাস্তাই আমাদের পথ দেখাবে। যাদবপুরের মাটি আন্দোলনের মাটি। ইডি-বিজেপির চক্রান্ত বাংলা কোনওদিন বরদাস্ত করবে না।” তাঁর বক্তব্যে স্পষ্টভাবে আন্দোলনের পথে এগিয়ে যাওয়ার বার্তা দেন তিনি।
এর আগে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) অভিযোগ করেন, রাজনৈতিকভাবে মোকাবিলা করতে ব্যর্থ হয়ে বিজেপি ইডিকে ব্যবহার করে তৃণমূল কংগ্রেসের ‘ইলেকশন স্ট্র্যাটেজি’ হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে। সেই লক্ষ্যেই দলের রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি ও অফিসে তল্লাশি চালানো হয়েছে বলে দাবি করেন তিনি। এই ঘটনার প্রেক্ষিতে ইডির বিরুদ্ধে কলকাতা পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছে আইপ্যাক ও তৃণমূল কংগ্রেস। পাশাপাশি বিষয়টি নিয়ে কলকাতা হাইকোর্টেও মামলা হয়েছে।
প্রতিবাদ মিছিল থেকেই বিজেপি ও কেন্দ্রীয় নেতৃত্বের বিরুদ্ধে সরব হন শাসকদলের একাধিক শীর্ষ নেতা। দলের প্রশ্নে আপসহীন থাকার বার্তা দিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, “দলের চেয়ে বড় আমার কাছে আর কিছু নেই। প্রয়োজনে দলের জন্য মৃত্যুদণ্ড নিতেও রাজি আছি। কিন্তু দলের সম্পত্তি কেউ নষ্ট করবে আর আমরা চুপ করে বসে থাকব— সেটা হবে না।” তিনি আরও বলেন, “দিদি, আপনি এগিয়ে যান। তৃণমূল কংগ্রেস ছাড়বেন না। বাংলার কোটি কোটি মানুষ আপনার সঙ্গে রয়েছে। অমিত শাহও আপনার কিছু করতে পারবে না।” তাঁর এই বক্তব্যে মিছিলে উপস্থিত কর্মী-সমর্থকদের মধ্যে প্রবল উচ্ছ্বাস দেখা যায়।
এদিনের প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন তৃণমূল সাংসদ ও অভিনেতা দেবও। তিনি বলেন, “আজ বাংলা এমন একটা পদযাত্রার সাক্ষী হল, যা সারা ভারতবর্ষ আগে দেখেনি।” ভোটের অঙ্ক টেনে দেবের দাবি, “কাজের নিরিখে যদি ভোট হয়, তাহলে তৃণমূল কংগ্রেস ২৫০-র বেশি আসন পাবে। আর ভালবাসার নিরিখে ভোট হলে দিদি অন্যদের থেকে অনেক এগিয়ে। চতুর্থ বারের জন্য দিদিই মুখ্যমন্ত্রী হবেন।”
আরো দেখুন:Beetroot Benefits: শীতের টাটকা বিট ত্বকের যত্নে দারুণ কাজের—জেনে নিন ব্যবহার পদ্ধতি