চোখের নীচে বলিরেখা বা ফোলা ভাব থাকলে বয়সের ছাপ অনেক বেশি চোখে পড়ে। ব্যস্ত জীবনযাপন, অনিয়মিত খাওয়াদাওয়া আর বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সবচেয়ে আগে প্রভাব পড়ে চোখের চারপাশের ত্বকে। অনেকেই এই সমস্যা থেকে মুক্তি পেতে বাজারচলতি আন্ডার আই ক্রিম ব্যবহার করেন। তবে সব ক্ষেত্রে তা যে কার্যকর হবে, এমন নয়। চাইলে খুব সহজেই বাড়িতে প্রাকৃতিক উপায়ে আন্ডার আই ক্রিম তৈরি করে নিতে পারেন, তাও মাত্র তিনটি উপকরণ দিয়ে।

 

৪০ পেরোতেই কেন চোখের তলায় বলিরেখা দেখা দেয়?

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ত্বকের স্বাভাবিক কোষ বিভাজনের গতি কমে যায়। এর ফলে ত্বকের উপরের স্তর ধীরে ধীরে পাতলা হতে থাকে। আবার ত্বকের গভীর স্তরের টান ঢিলে হয়ে গেলে তার প্রভাব উপরের স্তরেও পড়ে। পাশাপাশি তৈলগ্রন্থির কার্যক্ষমতা কমে যাওয়ায় ত্বক প্রয়োজনীয় প্রাকৃতিক তেল পায় না। এই সব কারণ মিলিয়েই চোখের কোলে বলিরেখা ও শুষ্কতা দেখা দেয়।

 

এই সমস্যা কমাতে কী করবেন?

বলিরেখা কমাতে হলে প্রথমেই নজর দিতে হবে জীবনযাপনে। অতিরিক্ত নুনযুক্ত খাবার, অনিয়মিত ঘুম ও মানসিক চাপ এড়ানো জরুরি। নিয়মিত স্বাস্থ্যকর তেল ত্বকে ব্যবহার করার পাশাপাশি খাদ্যতালিকায় রাখতে হবে অ্যান্টি-অক্সিড্যান্টে ভরপুর খাবার। এতে ত্বক ভিতর থেকে পুষ্টি পাবে।

 

ঘরে তৈরি আন্ডার আই ক্রিম বানাতে লাগবে—

• ভিটামিন ই ক্যাপসুল: ২টি (ত্বককে পুষ্ট ও নরম রাখে)

• থাইম এসেনশিয়াল অয়েল: ২ ফোঁটা (অ্যান্টি-অক্সিড্যান্ট গুণে সমৃদ্ধ)

• নারকেল তেল: ১ চা চামচ (ত্বকে আর্দ্রতা বজায় রাখে)

 

ব্যবহার করার পদ্ধতি

তিনটি উপকরণ ভালো করে একসঙ্গে মিশিয়ে নিন। এরপর হাতের অনামিকা আঙুল দিয়ে চোখের চারপাশে ঘড়ির কাঁটার দিকে হালকা হাতে ম্যাসাজ করুন। চোখের ভিতরে যেন কিছু না ঢোকে, সে দিকে বিশেষ খেয়াল রাখুন। প্রয়োজনে ভেজা টিস্যু বা পেপার টাওয়েল দিয়ে আলতো করে মুছে নিতে পারেন। প্রতিদিন ঘুমোতে যাওয়ার ১–২ ঘণ্টা আগে এই ক্রিম ব্যবহার করলে ধীরে ধীরে বলিরেখা কমবে এবং চোখের তলার কালিও হালকা হবে।

আরও পড়ুন: Payel Roy: পাঁচ বছর পর ছোটপর্দায় প্রত্যাবর্তন পায়েল রায়ের, অম্বরীশের স্ত্রীর চরিত্রে কেন ফিরলেন ধারাবাহিকে?

Image source-Google

By Torsha