বছর ঘুরে আবারও ফিরে এল সেই বহু প্রতীক্ষিত আনন্দের দিন। সোমবার, ২৯ ডিসেম্বর, বিকেল ঠিক ৩টে নাগাদ রাজারহাট এলাকার বিধাননগর পৌর নিগমের ২ নম্বর ওয়ার্ডের আজাদ হিন্দ পল্লীর খেলার মাঠে উৎসবের আবহে পালিত হল মডার্ন শিক্ষা নিকেতন একাডেমি স্কুলের প্রতিষ্ঠা দিবস ও সাংস্কৃতিক উৎসব (Modern Shiksha Niketan Academy Foundation Day)। রঙিন সাজ, আলোর ঝলকানি ও উচ্ছ্বাসে ভরে ওঠে গোটা অনুষ্ঠান প্রাঙ্গণ।

অনুষ্ঠানের শুরু থেকেই ছোট্ট পড়ুয়াদের মনোমুগ্ধকর পরিবেশনা দর্শকদের মন জয় করে নেয়। নৃত্য, আবৃত্তি ও নাটকের মাধ্যমে শিশুরা তুলে ধরে তাদের প্রতিভা ও সৃজনশীলতা। কখনও দেশাত্মবোধক নৃত্য, কখনও কবিতা পাঠ, আবার কখনও সামাজিক বার্তাবাহী নাট্য পরিবেশনা—সব মিলিয়ে অনুষ্ঠান হয়ে ওঠে এক প্রাণবন্ত সাংস্কৃতিক মিলনমেলা। শিশু শিল্পীদের আত্মবিশ্বাসী উপস্থিতি ও প্রাণবন্ত অভিনয়ে বারবার করতালিতে মুখর হয়ে ওঠে গোটা মাঠ।

সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি এই দিনটি পড়ুয়াদের কাছে আরও বিশেষ হয়ে ওঠে। অনুষ্ঠানের মঞ্চ থেকেই ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় সাইকেল, নতুন পোশাক ও সার্টিফিকেট। উপহার পেয়ে শিশুদের মুখে যে আনন্দ ও উচ্ছ্বাস দেখা যায়, তা ছিল সত্যিই হৃদয়গ্রাহী। অভিভাবকরাও সন্তানের সাফল্যে গর্ব অনুভব করেন।

এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজারহাট–নিউ টাউনের বিধায়ক তাপস চ্যাটার্জি, বিধাননগর পৌর নিগমের ২ নম্বর ওয়ার্ডের পৌরমাতা রহিমা বিবি মণ্ডল, মডার্ন শিক্ষা নিকেতন একাডেমি স্কুলের প্রধান শিক্ষক চন্দন কুমার সহ একাধিক বিশিষ্ট অতিথি।

অনুষ্ঠানের শেষে বক্তব্য রাখতে গিয়ে স্কুলের প্রধান শিক্ষক চন্দন কুমার বলেন,-“শুধু পড়াশোনার মধ্যেই শিক্ষা সীমাবদ্ধ নয়। শিশুদের সার্বিক বিকাশের জন্য সংস্কৃতি, খেলাধুলা ও মূল্যবোধের শিক্ষাও সমান গুরুত্বপূর্ণ। মডার্ন শিক্ষা নিকেতন একাডেমি সবসময় চেষ্টা করে প্রতিটি পড়ুয়াকে আত্মবিশ্বাসী ও মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে। আজকের এই অনুষ্ঠানে শিশুদের যে প্রতিভা আমরা দেখলাম, সেটাই আমাদের ভবিষ্যতের আশা।”তিনি অভিভাবকদের সহযোগিতার কথাও উল্লেখ করে সকলকে ধন্যবাদ জানান।

পুরো অনুষ্ঠানজুড়ে ছিল উৎসবের আবহ। শিশুদের হাসি, অভিভাবকদের উচ্ছ্বাস এবং স্থানীয় বাসিন্দাদের উপস্থিতিতে তৈরি হয় এক আন্তরিক পরিবেশ। শিক্ষা ও সংস্কৃতির মেলবন্ধনে এই প্রতিষ্ঠা দিবস শুধুমাত্র একটি আনুষ্ঠানিকতা নয়, বরং একটি সামাজিক ও সাংস্কৃতিক উৎসবে পরিণত হয়।

সব মিলিয়ে, রাজারহাটে মডার্ন শিক্ষা নিকেতন একাডেমি স্কুলের প্রতিষ্ঠা দিবস ও সাংস্কৃতিক উৎসব (Modern Shiksha Niketan Academy Foundation Day) এক স্মরণীয় ও সার্থক আয়োজন হিসেবেই চিহ্নিত হয়ে থাকল।

আরো দেখুন:Mithun Chakraborty: ভোটমুখী বাংলায় আবেগী রচনা, মিঠুনকে নিয়ে প্রশংসার বন্যা