স্টুডিয়োপাড়ার পরিচিত মুখ অভিনেত্রী প্রিয়াঙ্কা ভট্টাচার্য বর্তমানে মুম্বইয়ের বাসিন্দা হলেও এখন কলকাতায় রয়েছেন বিশেষ কারণে। অভিনয়ের পাশাপাশি তিনি শুরু করেছেন নিজের ব্যবসা।

 

ছোটপর্দায় ‘মা’ ধারাবাহিকে ফুলকির বড়বেলার চরিত্রে দর্শকের মনে জায়গা করে নিয়েছিলেন প্রিয়াঙ্কা। তার পর বিভিন্ন ওয়েব সিরিজ় ও মিউজ়িক ভিডিয়োতে তাঁকে দেখা গেলেও সাম্প্রতিক সময়ে টেলিভিশনে তাঁর উপস্থিতি চোখে পড়েনি। সেই ফাঁকেই নতুন উদ্যোগে পা রাখলেন অভিনেত্রী।

 

ব্যবসার পরিবেশে বড় হওয়া প্রিয়াঙ্কার কাছে এই সিদ্ধান্ত একেবারেই নতুন নয়। বাবার কয়লার ব্যবসা ও ইটভাটার সঙ্গে যুক্ত থাকার সুবাদে ছোট থেকেই ব্যবসা করার ইচ্ছা ছিল তাঁর। দীর্ঘদিনের পরিকল্পনার পর তিনি শুরু করলেন গয়নার ব্যবসা।

 

এই প্রসঙ্গে প্রিয়াঙ্কা জানান, “হিরের গয়না অনেকের কাছেই দামি। তাই রুপোর সঙ্গে হিরের মেলবন্ধন ঘটিয়ে এমন গয়না বানাচ্ছি, যা তুলনামূলক ভাবে সকলের নাগালে থাকে। দু’হাজার টাকা থেকেই গয়নার দাম শুরু।” তাঁর সংস্থায় নিজস্ব ডিজ়াইনার রয়েছেন এবং আপাতত অনলাইনেই বিক্রি হচ্ছে গয়না। পাশাপাশি বড়বাজারে একটি শোরুম তৈরির কাজও চলছে।

 

সমাজমাধ্যমে প্রিয়াঙ্কার ব্যবসা সংক্রান্ত ভিডিয়ো ছড়িয়ে পড়তেই নানা প্রশ্ন উঠেছে—অভিনয়ের সুযোগ কমে যাওয়ার কারণেই কি এই উদ্যোগ? এ প্রসঙ্গে স্পষ্ট উত্তর অভিনেত্রীর, “এ কথা তাঁরাই বলেন, যাঁরা একসঙ্গে একাধিক কাজ সামলাতে পারেন না। আমাদের ইন্ডাস্ট্রি খুবই অনিশ্চিত, তাই বিকল্প পরিকল্পনা থাকা জরুরি। আর নিজের কাজের ‘বস্‌’ হতে আমার সত্যিই ভাল লাগে।”

 

বর্তমানে কলকাতায় থাকলেও প্রিয়াঙ্কা নিয়মিত মুম্বইয়ে অডিশন দিচ্ছেন। সেখান থেকে মরাঠি ইন্ডাস্ট্রিতে কাজের সুযোগও এসেছে তাঁর কাছে। ব্যবসা ও অভিনয়—দু’দিকই সমান গুরুত্ব দিয়েই এগোতে চান অভিনেত্রী।

আরও পড়ুন: Rannabati 2: ‘রান্নাবাটি’র সাফল্যের পরেই সিক্যুয়েলের ভাবনা! ‘রান্নাবাটি ২’ নিয়ে মুখ খুললেন প্রতীম ডি. গুপ্ত

Image source-Google

By Torsha