‘পাপারাৎজ়ি’ সংস্কৃতি নিয়ে বরাবরই কঠোর অবস্থান জয়া বচ্চনের। একাধিক বার প্রকাশ্যে তিনি ছবিশিকারিদের নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন। সম্প্রতি তাঁদের শিক্ষাগত যোগ্যতা ও আচরণ নিয়েও প্রশ্ন তুলেছেন জয়া। যদিও তাঁর এই মন্তব্যে একমত নন অভিনেতা-সাংসদ শত্রুঘ্ন সিন্‌হা। এ বার বিষয়টি নিয়ে মুখ খুললেন অভিনেত্রী হুমা কুরেশি।

এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে হুমা জানান, ‘পাপারাৎজ়ি’দের প্রয়োজন একেবারে অস্বীকার করা যায় না। তাঁর কথায়, “অনেক সময় আমরাই ওদের ব্যবহার করি। যখন চাই আমাদের ছবি বাইরে আসুক বা ব্যক্তিগত জীবনের কোনও অংশ দর্শকের সামনে আনতে চাই, তখন নিজেরাই তো ছবিশিকারিদের খবর দিই।”

হুমা আরও বলেন, তাঁর সঙ্গে পাপারাৎজ়িদের সম্পর্ক মোটের উপর সৌহার্দ্যপূর্ণ। তিনি যদি কোনও দিন ছবি তোলার মানসিক অবস্থায় না থাকেন, তা হলে স্পষ্ট ভাবে জানিয়ে দেন। বেশির ভাগ ক্ষেত্রেই তাঁর অনুরোধ মেনে নেন আলোকচিত্রীরা।

অন্য দিকে, জয়া বচ্চন বার বার জানিয়েছেন, তিনি ‘পাপারাৎজ়ি’দের সাংবাদিক বা মিডিয়ার অংশ বলে মানতে রাজি নন। তাঁর মতে, প্রকৃত সাংবাদিকতার সঙ্গে এই সংস্কৃতির কোনও মিল নেই। জয়া স্মরণ করিয়ে দেন, তাঁর বাবা তরুণ কুমার ভাদুড়ি ছিলেন প্রতিষ্ঠিত সাংবাদিক ও লেখক। সেই কারণেই মিডিয়া সম্পর্কে তাঁর ধারণা স্পষ্ট।

এই প্রসঙ্গে জয়ার কড়া মন্তব্য, “এরা মিডিয়া নয়। সাংবাদিক কাকে বলে, আমি ভাল করেই জানি। নোংরা পোশাকে আসে, হাতে একাধিক ফোন নিয়ে অদ্ভুত প্রশ্ন করে। নানা ধরনের মন্তব্য করে। এদের সাংবাদিক বলা যায় না।”

তবে হুমা কুরেশির মত ভিন্ন। তাঁর মতে, প্রত্যেকেরই জানা উচিত কোথায় সীমারেখা টানতে হবে। কেউ যদি ব্যক্তিগত পরিসরে অনধিকার প্রবেশ করে, তখন প্রতিবাদ করা জরুরি। কিন্তু সেই সীমা বজায় থাকলে ‘পাপারাৎজ়ি’ সংস্কৃতিকে তিনি ততটা সমস্যাজনক বলে মনে করেন না।

আরও পড়ুন: Delhi: দিল্লির দূষণ নিয়ে সংসদে কেন্দ্রের ‘নীরবতা’! প্রশ্নের উত্তর দিতে পারলেন না মন্ত্রী

Image source-Google

By Torsha