বঙ্গ বিজেপিতে গিয়ে কি সত্যিই অস্বস্তির সঞ্চার হয়েছে আরএসএস–এ? সাম্প্রতিক সময়ে দলের দ্রুত উত্থানের সঙ্গে ‘তৎকাল’ নেতাদের আধিপত্য বাড়ায় সংঘ মহলে ক্ষোভ জমছে বলেই জল্পনা। জনসংঘ আরএসএসের (RSS) দীর্ঘদিনের পরিশ্রমকে উপেক্ষা করে বাংলা বিজেপির (BJP) কর্মযজ্ঞ যেন নতুন নেতৃত্বের চারপাশেই আবর্তিত হচ্ছে এমন অভিযোগ বরাবরই ছিল। কিন্তু সংঘের ইংরেজি মুখপত্র অর্গানাইজার-এর সাম্প্রতিক এক নিবন্ধে সেই অসন্তোষ এবার প্রায় প্রকাশ্যেই সামনে এসেছে। সরাসরি নাম না করে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) কিংবা সুকান্ত মজুমদারদের উদ্দেশেই সেখানে মনে করানো হয়েছে বাংলায় বিজেপির যে আজকের সাংগঠনিক শক্তি, তার ভিত অনেক আগেই রচনা করেছিলেন জনসংঘ আরএসএসের পুরোনো নেতারা, যাঁদের অবদান ভুলে যাওয়ার নয়।

নিবন্ধে উল্লেখ করা হয়েছে, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের হাত ধরে হিন্দুত্ব রাজনীতির বীজ প্রথম বপন হয়েছিল বাংলার মাটিতে। মেদিনীপুর, যা আজ শুভেন্দুর ‘দুর্গ’ বলে পরিচিত, সেখানেও পঞ্চাশের দশকে দুর্গাচরণ বন্দ্যোপাধ্যায়ের মতো নেতা সংগঠনের ভিত্তি সুদৃঢ় করেছিলেন। দেবপ্রসাদ ঘোষ, হরিপদ ভারতী, তপন শিকদার, বিজয় মণ্ডল এই সব ‘আদি’ নেতাদের কথা সামনে এনে সংঘ যেন স্পষ্ট করে দিচ্ছে, বাংলা বিজেপি শুধু সাম্প্রতিক প্রবাহে তৈরি কোনও শক্তি নয়; এর শিকড় বহু পুরোনো।

প্রশ্ন উঠছে এই বার্তাটি কি কেবল নতুন নেতৃত্বকে সতর্ক করার জন্য, নাকি বিজেপির ‘স্বনির্ভরতা’র দাবির মধ্যেই সংঘের প্রতি দূরত্ব তৈরির ইঙ্গিত দেখে আরএসএস প্রতিরোধ গড়ছে? লোকসভা নির্বাচনের আগে জেপি নাড্ডার মন্তব্য “বিজেপি এখন অনেকটাই স্বয়ংসম্পূর্ণ” সংঘ মহলে ভুলভাবে গিয়েছিল বলেই রাজনৈতিক মহলের ধারণা। তৃণমূল এই নিবন্ধকে সরাসরি শুভেন্দুর বিরুদ্ধে ‘রেড কার্ড’ বলে দাবি করছে। তাঁদের মতে, বিজেপির ভেতরে শুভেন্দুর প্রভাব অনেককে বিরক্ত করেছে, এবং সংঘের এই ইঙ্গিত তাঁর অবস্থান আরও দুর্বল করছে।

বামফ্রন্টের বক্তব্য আরও তীব্র আরএসএস (RSS)–এর নির্দেশেই বিজেপির নীতি নির্ধারিত হয়, এবং বাংলার বিজেপি তৃণমূল ত্যাগীদের ভিড়ে নিজস্ব আদর্শ হারাতে বসেছে। কংগ্রেস অবশ্য মনে করে আরএসএস ও বিজেপি একই মুদ্রার এপিঠ ওপিঠ; বিভাজন-রাজনীতিকেই তারা মূল সমস্যা হিসেবে দেখছে।

তবে বিজেপির আদি নেতারা প্রকাশ্যে কোনও ভাঙনের কথা মানতে নারাজ। তাঁদের মত দলের ভিত যেমন গুরুত্বপূর্ণ, তেমনই প্রয়োজন নতুন নেতৃত্বের ছাদ। দুয়ের সম্মিলিত প্রয়াসেই বিজেপি আজকের জায়গায় পৌঁছেছে।

আরও পড়ুন: Sukanta Majumdar: সুকান্তকে লক্ষ্য করে বিক্ষোভে ‘দিলীপ ঘোষ জিন্দাবাদ’, নেপথ্যে কারা?

By Sk Rahul

Senior Editor of Newz24hours