রাজ্যে বিশেষ পুনর্বিবেচিত ভোটার তালিকা সংশোধন এসআইআর (SIR) কাজ জোর কদমে এগোচ্ছে। সময়সীমা যতই এগিয়ে আসছে, ততই বাড়ছে বিএলও-সহ (BLO) সংশ্লিষ্ট সরকারি কর্মীদের উপর চাপ। তাঁদের অনেককেই রাতদিন নিরলসভাবে কাজ চালিয়ে যেতে হচ্ছে। এই পরিস্থিতিতে রাজ্য প্রশাসন স্পষ্ট জানিয়ে দিয়েছে, নির্বাচনমুখী এই দায়িত্ব গুরুত্বপূর্ণ হলেও অন্য উন্নয়নমূলক প্রকল্পগুলির গতি যেন কোনওভাবেই শ্লথ না হয়। সেই উদ্দেশ্যেই শনিবার নবান্নের ১৩ তলায় মুখ্যসচিব মনোজ পন্থ (Manoj Pant) জেলার শীর্ষ আধিকারিকদের নিয়ে দীর্ঘ ভারচুয়াল বৈঠক করেন।

বৈঠকে মুখ্যসচিব প্রথমেই সমস্ত জেলাশাসককে মনে করিয়ে দেন, বিভিন্ন দপ্তরের চলমান প্রকল্প যেমন রাস্তা নির্মাণ, সামাজিক পরিকাঠামো উন্নয়ন, আবাসন প্রকল্প কিংবা স্থানীয় সমস্যা সমাধানের কর্মসূচি সবই নির্দিষ্ট সময়সীমার মধ্যে শেষ করতে হবে। বিশেষ করে ‘আমার পাড়া, আমার সমাধান’ উদ্যোগের অগ্রগতি দ্রুতগতিতে এগোচ্ছে কিনা, সে বিষয়ে নিয়মিত রিপোর্ট পাঠাতে বলা হয়েছে। তিনি পরিষ্কার করে দেন, এসআইআর-এর ব্যস্ততার অজুহাতে উন্নয়নের কাজ যাতে থেমে না যায়, তার ওপর কড়া নজর রাখতে হবে প্রশাসনকে।

এদিন বৈঠকে আরও আলোচনা হয় যে, এসআইআর-এর অতিরিক্ত চাপের কারণে সম্প্রতি যাঁরা দায়িত্ব পালনের সময় প্রাণ হারিয়েছেন, তাঁদের পরিবারের পাশে জেলার প্রশাসনকে মানবিকভাবে দাঁড়াতে হবে। পাশাপাশি ‘বাংলার বাড়ি’ প্রকল্পের অধীনে যে উপভোক্তা তালিকা তৈরি হচ্ছে, সেটিও জানুয়ারি মাসের মধ্যে শেষ করা বাধ্যতামূলক বলে নির্দেশ দেওয়া হয়েছে। ন্যায্য উপভোক্তাদের সঠিকভাবে চিহ্নিত করে দ্রুত সম্পূর্ণ তালিকা জমা দেওয়ার কথা স্পষ্ট জানানো হয়। তাছাড়া গ্রামীণ রাস্তা নির্মাণ বা সংস্কারের মতো গুরুত্বপূর্ণ কাজ যাতে কোনওভাবেই বিলম্বিত না হয়, তা বিশেষভাবে দেখতে বলা হয়।

বৈঠকে আরও ১০ থেকে ১২টি গুরুত্বপূর্ণ দপ্তরের কাজের অগ্রগতি নিয়ে বিশদ পর্যালোচনা করা হয়। আধিকারিকরা পাওয়ার পয়েন্টের মাধ্যমে দেখান কোন দপ্তর কতদূর কাজ এগিয়ে নিয়ে গেছে এবং কোথায় আরও নজরদারি প্রয়োজন। মোটের ওপর, রাজ্যের প্রশাসনিক প্রধানের বার্তা খুবই সুনির্দিষ্ট ভোটার তালিকা সংশোধন অবশ্যই দায়িত্বের সঙ্গে করা হবে, তবে তার মাঝেও উন্নয়নমূলক প্রকল্পগুলির অগ্রগতি যেন এক মুহূর্তও স্তব্ধ না হয়।

আরও পড়ুন: Mamata Banerjee: SIR বন্ধ করুন, জবরদস্তি নয়’, নির্বাচন কমিশনকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী

 

By Sk Rahul

Senior Editor of Newz24hours