বাঙালির শারদোৎসবের শেষে যেমন বিষাদের সুর, তেমনি রাজনৈতিক ময়দানে ফের সরগরম তৃণমূল কংগ্রেস (TMC)। বিজয়া দশমীর পর দলীয় কর্মসূচিতে অংশ নিয়ে বিজেপির বিরুদ্ধে কড়া বার্তা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় Abhishek Banerjee)। শুক্রবার কালীঘাটে (Kalighat) তৃণমূল ভবনে বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে অংশ নেন তিনি। সেখানেই দলীয় নেতা-কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করার পাশাপাশি তিনি বিজেপির (BJP) বিরুদ্ধে আক্রমণ শানান ডিভিসি-র জল ছাড়াকে ঘিরে।

অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “বিসর্জন অবশ্যই হবে, তবে তা বাংলার নয়, বরং বিজেপির জমিদারি রাজনীতির। বাংলাকে বারবার জলমগ্ন করার যে চেষ্টা চলছে, তার সমুচিত জবাব সময়ই দেবে।” ডিভিসি (দামোদর ভ্যালি কর্পোরেশন) প্রতি বছর একচেটিয়া সিদ্ধান্ত নিয়ে অবিলম্বে জল ছেড়ে দেয়, যার ফলে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে তৈরি হয় ম্যান-মেড বন্যা। অভিষেকের অভিযোগ, ভোট যত এগিয়ে আসে, ততই কেন্দ্রের অধীনস্থ সংস্থাগুলি সমন্বয়হীনভাবে সিদ্ধান্ত নিতে শুরু করে। এতে রাজ্য প্রশাসনের সঙ্গে কোনওরকম আলোচনা হয় না, যা ইচ্ছাকৃত ষড়যন্ত্র ছাড়া কিছু নয় বলে তিনি দাবি করেন।

তিনি স্পষ্ট জানান, “২০২৪-এ বিজেপিকে বাংলার মানুষ প্রত্যাখ্যান করেছে। ২০২৬-এ সেই চিত্র আরও স্পষ্ট হবে। বাংলায় পা রাখার আগেই মানুষ ওদের ফেরাবে।” তৃণমূল সূত্রে খবর, ডিভিসির জল ছাড়ার প্রতিবাদে লক্ষ্মীপুজোর পর রাজ্য জুড়ে আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে দল। রাজ্যজুড়ে জলবন্দি পরিস্থিতির জন্য বিজেপিকে দায়ী করে অভিষেক বলেন, “বিজেপি জানে, বাংলা থেকে ওরা ভোট পাবে না। তাই উন্নয়নের বদলে ষড়যন্ত্রকে হাতিয়ার করছে।”

আরও পড়ুন: PM Modi: “কেন্দ্রের উদ্যোগেই ইউনেস্কোর স্বীকৃতি পেয়েছে কলকাতার দুর্গাপুজো”: নরেন্দ্র মোদী

By Sk Rahul

Senior Editor of Newz24hours