নতুন করে পেশ হওয়া সংবিধান সংশোধনী ও তথাকথিত ‘জনপ্রতিনিধি গ্রেপ্তারি’ বিলকে কেন্দ্র করে মোদী সরকার ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে (Amit Shah) নিশানা করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, “এসআইআর (সিএইআর বা সিআইআর সম্পর্কিত বিষয়) নিয়ে দেশ জুড়ে যখন জনরোষ বাড়ছে, তখন সেখান থেকে মানুষের নজর সরিয়ে দিতে একের পর এক বিল এনে সাংবিধানিক দৃষ্টি ঘোরানোর চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার।”

অমিত শাহকে ‘কাপুরুষ’ বলে কটাক্ষ করে অভিষেক বলেন, “যে সরকার মানুষের নিরাপত্তা, কৃষকদের স্বার্থ ও সীমান্ত সুরক্ষা নিয়ে চিন্তিত নয়, তারা শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার বলি করে বিরোধীদের দমন করতে মরিয়া।”

লোকসভায় অমিত শাহ যেসব বিল পেশ করেছেন — সংবিধান (১৩০তম সংশোধনী) বিল, কেন্দ্রশাসিত অঞ্চল প্রশাসন (সংশোধনী) বিল এবং জম্মু ও কাশ্মীর (Jammu Kashmir) পুনর্বিন্যাস বিল — সেগুলির মাধ্যমে জনপ্রতিনিধিদের বিরুদ্ধে মামলার জেরে পদ থেকে অপসারণের পথ তৈরি করতে চায় সরকার। তবে অভিষেকের প্রশ্ন, “যদি তদন্তের আগে কাউকে গ্রেপ্তার করা হয় এবং তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হয়, তাহলে ওই তদন্তকারীদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে কি?”

তিনি সাফ বলেন, “আমরা চাই অপরাধ করলে শাস্তি হোক। ৩০ দিন নয়, এমনকি ১৫ দিনেই পদত্যাগ করুক দোষী জনপ্রতিনিধি। কিন্তু তার আগে নিশ্চিত করতে হবে, এই প্রক্রিয়া যেন রাজনৈতিক প্রতিহিংসার হাতিয়ার না হয়। যদি নির্দোষ প্রমাণিত হন, তাহলে তদন্তকারীদেরও কাঠগড়ায় দাঁড় করাতে হবে।” অভিষেকের আরও অভিযোগ, “বছরের পর বছর ধরে বিরোধী নেতাদের বিরুদ্ধে মামলা ঝুলিয়ে রেখে, আদালতে প্রমাণ না দিয়েই তাঁদের জেলে পাঠানো হচ্ছে। এটা কোন সংবিধানের নির্দেশ? কার স্বার্থে চলছে এই বিচারহীন আটক?” তিনি বলেন, “এই সরকার মানুষের জন্য নয়, শুধু ক্ষমতায় থাকার জন্য। আইনকে অস্ত্র করে, সংবিধানকে পাশ কাটিয়ে গণতন্ত্রকে ধ্বংসের চেষ্টাই এদের লক্ষ্য।”

 

আরও পড়ুন: Amitabh Bachchan: রণবীর কাপুরের ‘রামায়ণ’-এ অমিতাভ বচ্চনের কণ্ঠ, কোন ভূমিকায় থাকছেন শাহেনশা?

By Sk Rahul

Senior Editor of Newz24hours