৭৯তম স্বাধীনতা দিবসে সারা দেশ যখন স্বাধীনতার আনন্দে মেতে উঠেছে,তখন উত্তর ২৪ পরগনার বিধাননগর পৌরনিগমের অন্তর্গত তেঘরিয়ায় দেখা গেল এক ভিন্ন দৃশ্য।দেশপ্রেম আর মানবিকতার মেলবন্ধনে তেঘরিয়া ব্যায়াম সংঘ (Teghoria Bayam Sangha social work) আয়োজন করল এক অনন্য কর্মসূচি—বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও ছানি অপারেশন শিবির।সকালবেলা জাতীয় পতাকা উত্তোলন এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতিকৃতিতে মাল্যদানের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।

এরপরই ক্লাব প্রাঙ্গণে শুরু হয় চক্ষু শিবির,যেখানে অভিজ্ঞ চিকিৎসক ও অপটোমেট্রিস্টদের তত্ত্বাবধানে একশোরও বেশি মানুষ চোখের যত্নের সুযোগ পান।যাঁদের প্রয়োজন ছিল,তাঁদের জন্য বিনামূল্যে ছানি অপারেশনের ব্যবস্থা করা হয়।পাশাপাশি যারা চশমার প্রয়োজন অনুভব করেছেন,তাঁদের জন্য রাখা হয় স্বল্পমূল্যে চশমা পাওয়ার সুযোগ।ফলে সমাজের প্রত্যেক স্তরের মানুষই এদিনের উদ্যোগে উপকৃত হন।

তেঘরিয়া ব্যায়াম সংঘ (Teghoria Bayam Sangha social work) শুধু এই দিনেই নয়, বরং সারা বছর ধরেই নানা সামাজিক কাজে সক্রিয়।রক্তদান থেকে বস্ত্রদান—বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে তারা বরাবরই অগ্রণী ভূমিকা পালন করে এসেছে।স্বাধীনতা দিবসেও সেই ধারা বজায় রাখল ক্লাব কর্তৃপক্ষ।প্রেসিডেন্ট মিলন নস্কর, সেক্রেটারি দীপঙ্কর মণ্ডল এবং কোষাধ্যক্ষ টিংকু সেনের নেতৃত্বে আয়োজিত এই কর্মসূচি এলাকায় প্রশংসা কুড়িয়েছে।

শুধু স্থানীয় মানুষ নন,এদিনের শিবিরের পাশে দাঁড়িয়েছেন বিশিষ্টজনেরাও।দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেস সভাপতি দেবরাজ চক্রবর্তী,বিধাননগর পৌরনিগমের ৬ নম্বর ওয়ার্ডের পৌরপিতা সম্রাট বড়ুয়া,১১ নম্বর ওয়ার্ডের পৌরমাতা অনিতা বিশ্বাসসহ আরও অনেকে উপস্থিত থেকে এই মানবিক উদ্যোগকে সাফল্যমণ্ডিত করেন।তাঁদের উপস্থিতি সাধারণ মানুষকে আরও অনুপ্রাণিত করেছে।

বলাবাহুল্য,স্বাধীনতার এই বিশেষ দিনে তেঘরিয়া ব্যায়াম সংঘ কেবলমাত্র পতাকা উত্তোলন বা আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ থাকেনি,বরং সমাজের মানুষের জীবন আলোকিত করার এক বাস্তব দৃষ্টান্ত স্থাপন করেছে।দেশ যখন স্বাধীনতার গৌরব উদযাপন করছে,তখন তেঘরিয়ায় পাশাপাশি উড়ল মানবিকতার পতাকাও— উজ্জ্বল,অনুপ্রেরণাময় এবং গর্বিত।

 

আরো দেখুন:79th Independence Day celebrations in Bengal:মধ্যরাতে পতাকা উত্তোলনে সব্যসাচী দত্ত ও অমরনাথ প্রসাদ — বাঙালির অধিকার রক্ষায় জোরালো বার্তা!